অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ফের সমালোচনার মুখে। কিছুদিন আগেই বিপাশা বসুকে ‘পুরুষালি’ বলে মন্তব্য করে নিন্দার শিকার হয়েছিলেন তিনি। এবার তাঁর সাম্প্রতিক এক সাক্ষাৎকার ঘিরে উঠেছে নতুন বিতর্ক। নেটিজেনদের ধারণা, এইবার নিশানায় পড়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।
এক প্রশ্নের উত্তরে ম্রুণাল জানান, তাঁর কাছে একাধিক বড় ছবির প্রস্তাব এসেছিল, তবে প্রস্তুত না থাকার কারণে তিনি সেগুলি ফিরিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, “অনেক ছবিই আমি প্রত্যাখ্যান করেছি। নাম বললে বিতর্ক শুরু হয়ে যাবে। একটি ছবি বিরাট হিট হয়েছিল। সেই ছবির নায়িকার কেরিয়ার গড়তে সাহায্য করেছিল। কিন্তু আমি নিশ্চিত, ছবিতে থাকলে হয়তো আমি হারিয়ে যেতাম।”
সেখানেই থেমে না থেকে মৃণাল যোগ করেন, “ওই নায়িকা এখন কাজ করছেন না। আমি কিন্তু এখনও নিয়মিত কাজ করছি। আমি রাতারাতি খ্যাতি চাই না। যা হঠাৎ আসে, তা হঠাৎ করেই চলে যায়।”
ম্রুণাল ঠাকুরের এই মন্তব্যেই শুরু বিতর্ক। নেটিজেনরা মনে করছেন, তিনি ইঙ্গিত করছেন অনুষ্কা শর্মার দিকে। কারণ সালমান খানের বিপরীতে সুলতান ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল ম্রুণালের। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ পান অনুষ্কা, এবং ছবিটি ব্লকবাস্টার হয়।
ম্রুণালের কথায় অনেকেই ক্ষুব্ধ। একজন লিখেছেন, “অন্য মহিলাকে অসম্মান করতেই হবে ম্রুণাল ঠাকুরকে।” আরেকজনের মত, “অনুষ্কা নিজের ইচ্ছাতেই কাজ থেকে সরে গেছেন। তাই মৃণালের মন্তব্য একেবারেই অযৌক্তিক।”
আরও পড়ুনঃ ‘ভেবেছিলাম শাশ্বতর সাহস আছে….’ শাশ্বত চট্টোপাধ্যায়কে মিথ্যেবাদী বললেন পল্লবী যোশী! জোরালো বেঙ্গল ফাইলসের বিতর্ক
তবে এই প্রথম নয়, আগেও মৃণাল ঠাকুরের মন্তব্য নিয়ে শোরগোল উঠেছিল। এবার অনুষ্কাকে ঘিরে তাঁর কথাবার্তা ফের নেটদুনিয়ায় বিতর্কের ঝড় তুলল।





