‘রঘু ডাকাত’ মুক্তির আগে ফের বিতর্কে নাম লেখালেন কুণাল ঘোষ। সরাসরি নিশানায় সোহিনী সরকার। একদিকে রাজনীতিক, অন্যদিকে অভিনেতা— দুই ভূমিকাতেই তিনি সক্রিয়। আর এবার নিজের ফেসবুক পোস্টে সোহিনীর উদ্দেশে তির ছুঁড়ে দিলেন।
প্রসঙ্গটা আসলে সিনেমার প্রচার ঘিরে। পুজোতে মুক্তি পাচ্ছে ‘রঘু ডাকাত’। সেই ছবির প্রচারে জেলায় জেলায় ঘুরছেন অভিনেতারা। সেখানেই সোহিনীর একটি ছবি কুণাল পোস্ট করেন। ছবিতে অভিনেত্রীর গায়ে ‘রঘু ডাকাত’-এর টি-শার্ট, মাথায় মুকুট। সেই ছবি দিয়েই কটাক্ষ করে কুণালের লেখা— “বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়।”
মনে করিয়ে দিই, এক বছরেরও বেশি আগে আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছিলেন সোহিনী। সেসময় অভিনেত্রী বলেছিলেন, “আমার সদ্য বিয়ে হয়েছে। আমি আমার স্বামীকে বললাম, মা হব? কোন দেশে মা হব? আমি চাই না আমার সন্তানকে এই দুর্নীতিগ্রস্ত দেশে আনতে।” সেই বক্তব্যই এখন ফের তুলে এনে আক্রমণ করলেন কুণাল।
তবে কটাক্ষের মাঝেও ‘রঘু ডাকাত’-কে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। মানে, সিনেমার প্রচার নিয়ে তার আপত্তি নেই, কিন্তু সোহিনীর আগের মন্তব্যের সঙ্গে বর্তমান ছবির প্রমোশনের ফারাকটাই তিনি তুলে ধরতে চাইছেন।
আরও পড়ুনঃ “মিমির কষ্টকে খোঁচা আবীরের! ‘এত পরিশ্রম করলি, শেষে আমার সঙ্গে প্রেম?’”
অন্যদিকে, কুণালের এই আক্রমণের পাল্টা জবাব দেননি সোহিনী। আরজি কর ঘটনার পর থেকেই বরাবর নীরব আছেন তিনি। কিন্তু কুণালের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় চলে এলেন এই অভিনেত্রী। সিনেমার প্রচারের আবহে পুরনো বিতর্ক ফের উস্কে দিয়ে রাজনৈতিক রঙও জুড়ে দিলেন কুণাল ঘোষ।





