গত এক বছর ধরে কর্ণ জোহরকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এক সময় যিনি ছিলেন স্থূলকায়, সেই বলিউডের জনপ্রিয় পরিচালক এখন যেন একেবারেই বদলে গিয়েছেন! হঠাৎই ২০ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি। তাঁর সাম্প্রতিক ছবিগুলি দেখে অনেকেই অবাক, কেউ কেউ চিন্তিতও বটে। এমনকি কর্ণের মুখমণ্ডলের গঠন নিয়েও শুরু হয়েছে আলোচনা—চোয়াল নাকি একেবারে ঢুকে গিয়েছে! প্রশ্ন উঠেছে, তবে কি কর্ণ ওজন কমানোর জন্য কোনও বিশেষ ইঞ্জেকশন বা ওষুধ ব্যবহার করেছেন?
প্রথমে এসব গুজব নিয়ে মুখ খোলেননি কর্ণ। পরে নিজেই জানান, তিনি ওজন কমিয়েছেন সম্পূর্ণ স্বাভাবিক উপায়ে—‘ওম্যাড’ ডায়েট মেনে, অর্থাৎ দিনে মাত্র একবার খাবার খেয়ে। পরিচালক বলেন, তিনি এখন সম্পূর্ণ নিরামিষভোজী, এমনকি দুধ, চিনি ও কার্বোহাইড্রেটও একেবারে বাদ দিয়েছেন জীবন থেকে। কর্ণের কথায়, ‘‘শুধু নিজেকে ভালো রাখার জন্যই নয়, আমার দু’টি সন্তানের জন্যও সুস্থ থাকা জরুরি। এখনো অনেক গল্প বলা বাকি।’’
তবে কর্ণের এই ব্যাখ্যা মানতে নারাজ তাঁর ঘনিষ্ঠ বন্ধু টুইঙ্কল খন্না। সম্প্রতি, টুইঙ্কল ও কাজলের এক বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণ। সেখানেই টুইঙ্কল, তাঁর স্বভাবসিদ্ধ রসিক ভঙ্গিতে খোঁচা মেরে বলেন, “আর কত ইঞ্জেকশন নেবে? এত রোগা হয়ে গিয়েছ যে চিনতেই পারছি না! তোমার মা কিছু বলেন না নাকি?” প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হলেও কর্ণ হেসে উত্তর দেন, “না, মা এখন এসব নিয়ে কিছু বলেন না। আমি কার্ব খাওয়া ছেড়েছি, সেটাই আমার ইঞ্জেকশন!”
কর্ণের এই হালকা মেজাজে দেওয়া জবাব হাসির রোল তোলে অনুষ্ঠানে, কিন্তু পাশাপাশি পরিষ্কার করে দেয়, তিনি কোনও কৃত্রিম পদ্ধতি নয়, বরং জীবনযাপনেই এনেছেন পরিবর্তন। নিয়মিত ব্যায়াম, পরিমিত আহার আর শৃঙ্খলাবদ্ধ জীবন—এই তিনেই নাকি তাঁর এই রূপান্তরের রহস্য।
আরও পড়ুনঃ ‘দয়া করে একটা কাজ দিন…’- যোগ্যতা থাকা সত্ত্বেও মিলছেনা কাজ! একটা কাজের আশায় জনপ্রিয় অভিনেতা ববি দেওল!
এক সময় যাঁর ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যেত, সেই কর্ণ এখন নিজের নতুন রূপে অনুপ্রেরণা হয়ে উঠেছেন বহু মানুষের কাছে। নিজের কথায়, ‘‘জীবনের দ্বিতীয় ইনিংসে আমি আরও হালকা, আরও খুশি, আর সবচেয়ে বড় কথা—আরও সচেতন হয়ে বাঁচতে শিখেছি।’’





