ভাই-বোনের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে কোয়েল মল্লিকের নতুন ছবি স্বার্থপর। পরিবার, সম্পর্ক ও সময়ের টানাপোড়েন— এই তিনটি অনুভূতির delicate ধারা বয়ে গিয়েছে ছবির গল্পে। ভাইফোঁটার আগেই মুক্তি পেয়েছে সুরিন্দর ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবি। কোয়েলের দাদার চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। গল্পে সময়ের সঙ্গে ভাই-বোনের সম্পর্ক কীভাবে বদলে যায়, কোথায় ভুল বোঝাবুঝি জন্ম নেয়, আবার কোথায় মমত্ববোধ সম্পর্ককে জুড়ে দেয়— তারই সংবেদনশীল ছবি স্বার্থপর।
শুক্রবার দক্ষিণ কলকাতার এক নামী মাল্টিপ্লেক্সে ছবির বিশেষ প্রদর্শনীতে জমে ওঠে টলিউড। উপস্থিত ছিলেন দেব, জিৎ, যশ-নুসরত, অঙ্কুশ-ঐন্দ্রিলা সহ ইন্ডাস্ট্রির বহু তারকা। সেই তালিকায় ছিলেন পরিচালক রাজ চক্রবর্তীরও নাম। যদিও সকলের নজর কাড়ে একটাই বিষয়— স্ত্রীর অনুপস্থিতি। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাশে না নিয়েই একাই সিনেমা দেখতে হলের আসনে বসেন রাজ।
ছবি দেখে বেরিয়েই নিজের প্রতিক্রিয়া শেয়ার করেন তিনি। সামাজিক মাধ্যমে রাজ লেখেন, “স্বার্থপর দেখে বেরোলাম। চোখ ভিজে আছে এখনও। খুব সুন্দরভাবে তৈরি একটি ছবি। ভীষণ সমসাময়িক গল্প বলেছে অসাধারণ চিত্রনাট্যের মাধ্যমে। পরিচালনা, ক্যামেরা, সম্পাদনা— সবকিছু মিলিয়ে ছবিটি আবেগে ভরা।” কোয়েলের অভিনয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি— “প্রত্যেক ফ্রেমে নিজের বিশ্বাসযোগ্য অভিনয় দিয়ে চরিত্রকে প্রাণ দিয়েছে কোয়েল।” পাশাপাশি কৌশিক সেনের অভিনয় এবং রঞ্জিত মল্লিক ও অনির্বাণ চক্রবর্তীর উপস্থিতিও প্রশংসা করেন।
তবে রাজের এই প্রশংসা ঘিরে গুঞ্জন থামেনি। শুভশ্রীর স্বামী হিসেবে তাঁর কোয়েলের ছবি নিয়ে এমন উৎসাহী প্রতিক্রিয়া কিছু মহলের ভ্রু কুঁচকেছে। কারও কারও মতে, শুভশ্রী-রাজের দাপট থাকা সত্ত্বেও কোয়েলকে এভাবে প্রচারের আলোয় তুলে ধরায় চর্চা যে হবেই, তা অবধারিত।
আরও পড়ুনঃ মেট্রোর ভিড় থেকে মঞ্চে উঠে এল ধূসর অনুভূতি, চরিত্রে গভীর ডুব দিলেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়
এদিকে বক্স অফিসে এখনও তেমন বড় সাফল্য অর্জন করতে পারেনি স্বার্থপর। মুক্তির প্রথম তিন দিনে ছবির আয় মাত্র ২১ লক্ষ টাকা। তবে উইকএন্ডের ব্যবসাই আসল হিসাব বদলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই। দর্শকের মুখে মুখে যদি ছবির প্রশংসা ছড়িয়ে পড়ে, তাহলে বক্স অফিসেও ঘুরে দাঁড়াতে পারে স্বার্থপর। এখন চোখ সেই দিকেই।





