“শ্বশুর নয়, আমার জীবনের অনুপ্রেরণা তিনি”— নিজের শ্বশুর মিঠুন চক্রবর্তীর প্রতি এই ভালোবাসার কথাই জানালেন অভিনেত্রী মাদালসা চক্রবর্তী। ছোটপর্দায় ‘অনুপমা’-র কাব্যা চরিত্রে যিনি এখন ঘরে ঘরে পরিচিত মুখ, সেই মাদালসা শুধু অভিনেত্রী নন, তিনি মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় ওরফে মিমো চক্রবর্তীর স্ত্রীও। কিন্তু এই সম্পর্কের বাইরে গিয়ে, তিনি মিঠুনকে দেখেন এক অসাধারণ মানুষ হিসেবে— যিনি নিজের মতো বাঁচতে শেখান, অন্যকে জায়গা দিতে জানেন।
২০১৮ সালে মাদালসা ও মিমোর বিয়ে হয়। বিয়ের পর অনেকেই ভেবেছিলেন, হয়তো মিঠুন চাইবেন তাঁর বউমা সংসারে মন দিক, পর্দায় নয়। কিন্তু বাস্তবটা একেবারে উল্টো। মাদালসার কথায়, “বিয়ের পর কখনও কেউ বলেননি, আমি কাজ বন্ধ করি। বরং শ্বশুরবাড়ির সবাই আমাকে উৎসাহ দিয়েছেন নিজের স্বপ্ন পূরণ করতে।” তিনি আরও যোগ করেন, “আমি যে পরিবারে বিয়ে করেছি, তারা কখনও আমার নিজস্বতা কেড়ে নিতে চায়নি। তারা যেমন, আমায় তেমনভাবেই গ্রহণ করেছে।”
কথায় কথায় মিঠুনের একটি অজানা প্রতিভার কথাও ফাঁস করেছেন অভিনেত্রী। তিনি জানান, বর্ষীয়ান এই অভিনেতা শুধু পর্দায় নয়, রান্নাঘরেও একেবারে মাস্টারশেফ! “তিনি এমন কোনও পদ নেই যা রান্না করতে পারেন না। নিজের মতো রেসিপি বানিয়ে ফেলেন, আর এমন স্বাদ আনেন যে একবার খেলেই মনে থাকে,” হেসে বললেন মাদালসা।
তাঁর কথায়, মিঠুন যত ব্যস্তই থাকুন না কেন, যখনই তিনি বাড়িতে থাকেন, রান্নার দায়িত্ব নিজের হাতে তুলে নেন। “এটা ওঁর কাছে আনন্দের ব্যাপার, কাজের চাপ ভুলে যাওয়ার এক উপায়,” বলেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ আমাকে তো সে’ক্স অফার করেছিল…!’ সোশ্যাল মিডিয়ায় ‘বউ কথা কও’-এর নিখিল ঋজু বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এক মহিলার
‘অনুপমা’তে সাফল্যের পর মাদালসা অভিনয় করেছেন ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ, যেখানে পর্দা ভাগ করেছেন শ্বশুরের সঙ্গেই। অন্যদিকে, মিঠুন সম্প্রতি শেষ করেছেন ‘প্রজাপতি ২’-এর শ্যুটিং— দেবের সঙ্গে আবারও একসঙ্গে দেখা যাবে তাঁকে। একদিকে দাম্পত্য, অন্যদিকে পেশাগত জীবন— দুয়ের মেলবন্ধনেই মাদালসা-মিঠুনের সম্পর্ক আজ নজির গড়েছে।





