দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করলেন টেলিভিশনের জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। গত বছর ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। সেই বিশেষ দিনের স্মৃতিকে আরও রঙিন করে তুলতেই এবছর বিবাহবার্ষিকীতে ছিল একাধিক চমক। যদিও দিনের শুরুটা হয়েছিল একেবারেই ঘরোয়া পরিবেশে। কাছের মানুষদের সঙ্গে সময় কাটিয়ে প্রথমে ব্যক্তিগত ভাবে উদযাপন সারেন এই তারকা দম্পতি।
তবে সন্ধে নামতেই ছবিটা বদলে যায়। সোমবার সন্ধ্যায় বড় করে আয়োজন করা হয় বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। ঝলমলে ভেনু রেড কার্পেট আর আলোর সাজে যেন সিনেমার দৃশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু ও প্রিয়জনেরা। এই বিশেষ দিনের অন্যতম আকর্ষণ ছিল তাঁদের চোখ ধাঁধানো সাজ আর গ্র্যান্ড এন্ট্রি যা মুহূর্তে নজর কাড়ে সকলের।
খাবারের আয়োজনেও ছিল রাজকীয় বৈচিত্র্য। স্টার্টারে রাখা হয়েছিল চিকেন মালাই কাবাব, চিকেন হারিয়ালি কাবাব, পনীর সাসলিক, বেবি কর্ণ, কফি ও মকটেল। আলাদা করে নজর কাড়ে ভাপা পিঠের স্টল। মেন কোর্সে অতিথিদের জন্য ছিল ডায়মন্ড ফিশ ফ্রাই, স্যালাড ও কাসুন্দি, রুমালি রুটি, ডাল মাখানি, চিকেন বিরিয়ানি, মাটন কষা। সঙ্গে ড্রাই ফ্রুট চাটনি ও পাঁপড়। মিষ্টির তালিকায় ছিল রসোগোল্লা সন্দেশ ও পান।
শ্বেতা এদিন লাল রঙের গাউনে অপরূপ সাজে ধরা দেন। অন্যদিকে রুবেলের পরনে ছিল সাদা শার্টের সঙ্গে ধূসর ব্লেজার ও টাউজার। একসঙ্গে তিন তলা কেক কাটেন তাঁরা। দারুণ সাজে রেড কার্পেটে হাত ধরাধরি করে গ্র্যান্ড এন্ট্রি ছিল অনুষ্ঠানের হাইলাইট। এছাড়াও দেবের তুই আমার হিরো গানে একসঙ্গে নাচতে দেখা যায় এই তারকা দম্পতিকে যা উপস্থিত সকলের মন জিতে নেয়।
আরও পড়ুনঃ *সরস্বতীপুজোর নস্টালজিয়া আর অম্বরীশের আক্ষেপ! বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কি হারিয়ে যাচ্ছে? কি বললেন অভিনেতা?
প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও মধ্যরাতে কেক কেটে বিয়ের জন্মদিন উদযাপন করেছিলেন শ্বেতা ও রুবেল। সেই সময় শ্বেতা বেগুনি রঙের ইন্ডিয়ান স্টাইল গাউনে আর রুবেল কেজুয়াল পোশাকে ধরা দেন। কাছের মানুষদের সাক্ষী রেখে তাঁদের এই ভালোবাসার উদযাপন যেন আরও একবার প্রমাণ করল দাম্পত্যের এক বছরে তাঁদের সম্পর্ক আগের থেকেও বেশি মজবুত।





