প্লেব্যাক থেকে অবসর নিয়ে দল গঠন করছেন অরিজিৎ সিং? নতুন দল নাকি গেরুয়া শিবির? গায়কের রাজনীতিতে আসার জল্পনায় তোলপাড় নেটপাড়া!

গত ২৭ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে প্লেব্যাক সিঙ্গার হিসেবে অবসর ঘোষণা করতেই কার্যত স্তব্ধ হয়ে যায় গোটা নেটপাড়া। টলিউড থেকে বলিউড, সর্বত্র একই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে, কেন এমন বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং। যাঁর গলায় গান মানেই আবেগ, প্রেম আর যন্ত্রণার মেলবন্ধন, সেই শিল্পীর হঠাৎ বিরতি নেওয়ার ঘোষণায় ভক্তদের মন ভেঙে পড়ে। অনেকেই বিশ্বাসই করতে পারছিলেন না যে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী এমন ঘোষণা করতে পারেন।

এই ঘোষণার পরই সর্বত্র শুরু হয় জল্পনা। কেউ বলছেন মানসিক ক্লান্তি, কেউ আবার বলছেন ব্যক্তিগত সিদ্ধান্ত। ঠিক এই সময়েই NDTV সূত্রে সামনে আসে এক চমকপ্রদ তথ্য। সেই দাবি অনুযায়ী, খুব শীঘ্রই নাকি অরিজিৎ সিং একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। যদিও এই দল এখনই আত্মপ্রকাশ করবে না এবং ২০২৬ সালের বাংলা বিধানসভা নির্বাচনের সঙ্গেও সরাসরি যুক্ত নয়। তবে জানা যাচ্ছে, প্রাথমিক স্তরের কাজকর্ম নাকি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন গায়ক।

যদিও এই রাজনৈতিক জল্পনা নিয়ে অরিজিৎ সিং নিজে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল আরও বেড়েছে। সূত্রের খবর গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন গায়ক। সংগীত জগত ছেড়ে কি তবে সমাজ ও রাজনীতির পথে হাঁটতে চলেছেন তিনি, নাকি এটি শুধুই গুঞ্জন, তা জানতে অপেক্ষা করতেই হবে। অরিজিতের নীরবতাই এখন এই রহস্যকে আরও ঘনীভূত করছে। ভক্তদের একাংশ যেমন চিন্তিত, তেমনই অনেকেই তাঁর যেকোনও সিদ্ধান্তকে সম্মান জানাতে প্রস্তুত।

নিজের অবসর ঘোষণার পোস্টে অরিজিৎ লিখেছিলেন, তিনি আর নতুন কোনও প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নেবেন না এবং এই যাত্রা থেকে বিরতি নিচ্ছেন। তাঁর কথায় ছিল কৃতজ্ঞতা আর শান্তির ছোঁয়া। সেই পোস্ট ভক্তদের কাছে যেন আচমকা এক ধাক্কা হয়ে আসে। দীর্ঘদিন ধরে যাঁর কণ্ঠে নিজেদের জীবনের গল্প খুঁজে পেয়েছেন শ্রোতারা, তাঁর এই সিদ্ধান্ত মানতে পারছেন না অনেকেই।

প্রসঙ্গত, জিয়াগঞ্জের মতো ছোট শহর থেকে উঠে এসে অরিজিৎ সিং আজ আন্তর্জাতিক মঞ্চে পরিচিত নাম। সাফল্যের শীর্ষে পৌঁছেও তাঁর সাদামাটা জীবনযাপন বরাবরই নজর কেড়েছে সকলের। বর্তমান প্রজন্মের গায়কদের কাছে তিনি এক অনুপ্রেরণা, এক আইকন। সেই অরিজিতের হঠাৎ অবসর ঘোষণা এবং রাজনীতিতে আসার সম্ভাবনা যে সবাইকে চমকে দেবে, তা বলাই বাহুল্য।