বিয়ে মানেই অবাধে যৌ’ন নি’র্যাতনের ছাড়পত্র? সমাজের কঠিন সত্য তুলে ধরতে আসছে ‘চিড়াইয়া’!

পরিবারের সম্পর্ক, দায়িত্ব আর সামাজিক রীতিনীতির আড়ালে অনেক সময় এমন কিছু সত্য চাপা পড়ে যায় যা সহজে সামনে আসে না। বহু নারীর জীবনেই নীরবতাকে শান্তি বলে মেনে নেওয়া হয়, কিন্তু সেই নীরবতার আড়ালে লুকিয়ে থাকে তাঁর মতামত, ইচ্ছা আর ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন। এই অস্বস্তিকর অথচ গুরুত্বপূর্ণ বাস্তবকেই সামনে আনতে নতুন গল্প নিয়ে হাজির হয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফ। তাদের প্রথম হিন্দি ডিজিটাল সিরিজ চিড়াইয়া শীঘ্রই মুক্তি পেতে চলেছে জিওহটস্টার প্ল্যাটফর্মে।

আগামী ২০ মার্চ মুক্তি পাবে এই সিরিজ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর ট্রেলার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ট্রেলারে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে বিয়ে মানেই সবকিছুর জন্য স্বাভাবিক সম্মতি নয়। কোনও সম্পর্ক, এমনকি দাম্পত্য জীবনও একজন নারীর শরীর, মতামত বা সিদ্ধান্তের উপর অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। এই গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্নকেই কেন্দ্র করে তৈরি হয়েছে ছয় পর্বের এই সিরিজ।

সিরিজটি পরিচালনা করেছেন শশান্ত শাহ। এতে অভিনয় করেছেন দিব্যা দত্ত, সঞ্জয় মিশ্র, তিঁনি আনন্দ, সরিতা যোশী, অঞ্জুম সাক্সেনা, ফয়জল রাশিদ, প্রসন্ন বিস্ত এবং সিদ্ধার্থ শাহ। গল্পের কেন্দ্রে রয়েছে কমলেশ নামের এক গৃহবধূর জীবন। বাইরে থেকে যার সংসারকে নিখুঁত ও সুখী মনে হয়। কিন্তু হঠাৎই সেই শান্ত জীবনে ঝড় ওঠে, যখন সে জানতে পারে তার ননদ পূজা নিজের দাম্পত্য জীবনেই ভয়াবহ যৌন নির্যাতনের শিকার।

এই সত্য সামনে আসার পর কমলেশ কঠিন দ্বিধার মুখে পড়ে যায়। একদিকে পরিবারের সম্মান রক্ষা করার চাপ, অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর দায়িত্ব। ধীরে ধীরে এই দ্বন্দ্ব তার জীবনে বড় লড়াইয়ে পরিণত হয়। এই গল্পের মধ্য দিয়ে সমাজের বহুদিনের কিছু বিশ্বাস, চুপ করে থাকার অভ্যাস এবং পুরুষতান্ত্রিক কাঠামোকে প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে।

কমলেশ চরিত্রে অভিনয় করা দিব্যা দত্ত জানান, চিড়াইয়া শুধু একটি গল্প নয়, বরং সেই দীর্ঘদিনের নীরবতার প্রতিফলন যা সমাজে বহু প্রজন্ম ধরে চলেছে। অন্যদিকে সঞ্জয় মিশ্র বলেন, সিরিজটির সবচেয়ে বড় শক্তি তার বাস্তবতা। পরিচালক শশান্ত শাহের কথায়, গল্পটির অস্বস্তি বড় কোনও ঘটনার জন্য নয়, বরং প্রতিদিনের অভ্যস্ত নীরবতা থেকেই তৈরি হয়েছে। এসভিএফ এর পক্ষ থেকে অভিষেক দাগা জানান, এই সিরিজের মাধ্যমে তারা হিন্দি দীর্ঘ ফরম্যাট কনটেন্টে নতুন পদক্ষেপ নিচ্ছে এবং এমন গল্প সামনে আনতে চাইছে যা দর্শকদের ভাবতে বাধ্য করবে।