রথের দিন বড় ঘোষণা! ‘ডাক্তার কাকু’ হয়ে এবার পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! প্রকাশ্যে পোস্টার! কবে মুক্তি পাচ্ছে? জানালেন প্রযোজক এনা সাহা!

রথযাত্রার দিন দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে এলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন প্রকাশ্যে এল তাঁর নতুন ছবি ‘ডাক্তার কাকু’র প্রথম পোস্টার। পোস্টারে স্কুটি চালিয়ে যেতে দেখা যায় এক চিকিৎসককে, যার চারপাশে রয়েছে আলো আর আধো অন্ধকারের আবহ। পাশাপাশি জানানো হয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর শিক্ষক দিবসের ঠিক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

ছবির প্রযোজক এনা সাহা জানিয়েছেন, ‘ডাক্তার কাকু’ কোনও নির্দিষ্ট ব্যক্তির জীবনের গল্প নয়। তবে বাস্তব জীবনের সেই সব চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই চরিত্র তৈরি হয়েছে, যাঁরা নিজের ব্যক্তিগত জীবন ও সময়ের কথা না ভেবে রোগীদের সেবাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ছবিতে এমনই একজন নীতিবান ও মানবিক চিকিৎসকের জীবন তুলে ধরা হবে।

এনা সাহার কথায়, ছবিতে শুধু একজন ডাক্তারের গল্পই নয়, বাবা ও ছেলের সম্পর্কও গুরুত্বপূর্ণভাবে ফুটে উঠবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রের আদর্শ, মানবিকতা এবং চিকিৎসক হিসেবে দায়িত্ববোধ গল্পের মূল আকর্ষণ। ছবিতে তাঁর ছেলের চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধি সেন, যার নাম ‘পুশকিন’। এছাড়া এনা সাহা, তুলিকা বসু, সুচন্দ্রা, শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেক পরিচিত মুখ রয়েছেন এই ছবিতে।

‘ডাক্তার কাকু’ পরিচালনা করেছেন পাভেল। তিনি নিজেও ছবিতে ‘পচা’ নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছে মেটাট্রন প্রোডাকশনস। পোস্টার প্রকাশ করে প্রসেনজিৎ সমাজমাধ্যমে জানান, শিক্ষক দিবস উপলক্ষে এমন একটি গল্প দর্শকদের সামনে আসছে, যেখানে শুধু চিকিৎসাই নয়, জীবনের মূল্যবোধ এবং শিক্ষার বার্তাও থাকবে।

উল্লেখ্য, পরিচালক পাভেল প্রায় পাঁচ বছর আগে এই ছবির পরিকল্পনা শুরু করেছিলেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি বছর মুক্তি পাচ্ছে ‘ডাক্তার কাকু’। মানবিকতা, চিকিৎসকের দায়িত্ববোধ এবং পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে তৈরি এই ছবি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে বলেই আশা নির্মাতাদের।