সোশ্যাল মিডিয়ার (Social Media) চেনা মুখ এবং সবার প্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী (Sayani Chakraborty) আর আমাদের মাঝে নেই। কিছুদিন আগেই সবাইকে কাঁদিয়ে চিরকালের মতো বিদায় নিয়েছেন তিনি। রাস্তার অসহায়, অবলা পশুপাখিদের ভালোবাসতেন সায়নী, আর তাদের যত্ন নেওয়ার ভিডিও বানিয়েই তিনি লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই, নিজের ব্যক্তিগত জীবনের কিছু সমস্যার কারণে সায়নী আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নেন। তাঁর এই আকস্মিক চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না, পুরো নেটদুনিয়া এবং সায়নীর পরিবারে এখন শুধুই কান্নার রোল।
মেয়ের এই অকাল মৃত্যুতে সায়নীর মা ও পরিবারের সবার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। কিন্তু একদিকে যেমন মেয়ের চলে যাওয়ার তীব্র কষ্ট, অন্যদিকে তেমনই সংসারের আর্থিক টানাপোড়েন। সায়নীদের পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তাই বুকভরা কষ্ট নিয়েও সায়নীর মা, মলি দেবী মেয়ের ইউটিউব চ্যানেলটি আবার চালাতে শুরু করেছেন। মেয়ের স্মৃতি আর অবলা পশুদের প্রতি সায়নীর যে টান ছিল, তাকে বাঁচিয়ে রাখতেই মা কষ্ট করে ভিডিও দেওয়া চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই কঠিন লড়াইয়ের মাঝেই তাঁদের সাথে এমন কিছু ঘটতে শুরু করে যা ভাবলেই গায়ে কাঁটা দেয়।
কয়েকদিন ধরে সায়নীর মা খেয়াল করছিলেন এক অদ্ভুত এবং রহস্যময় কাণ্ড। সায়নীর আসল পেজ থেকে যখনই কোনো ভিডিও ছাড়া হচ্ছিল, তখনই একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওতে অনবরত লাইক আসছিল। সবচেয়ে চমকে যাওয়ার মতো বিষয় হলো, যে অ্যাকাউন্ট থেকে লাইক আসছিল তার নামও ‘সায়নী চক্রবর্তী’ এবং সেখানে ছবিও দেওয়া আছে সায়নীরই। যে মেয়ে কদিন আগে মারা গেছেন, তাঁরই নামের অ্যাকাউন্ট থেকে একের পর এক লাইক আসার ঘটনায় পরিবারের সবাই প্রথমে খুব ঘাবড়ে যান। সবার মনে একটা ভয় আর গভীর সন্দেহ তৈরি হয় যে, এটা কীভাবে সম্ভব? এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে?
অবশেষে এই রহস্যের পেছনের এক চরম অমানবিক সত্যি সামনে এলো। আসলে কোনো অলৌকিক ঘটনা নয়, সায়নীর মৃত্যুর সুযোগ নিয়ে কোনো এক নিষ্ঠুর ব্যক্তি সায়নী চক্রবর্তীর নামে একটি ভুয়ো বা ফেক প্রোফাইল খুলেছে। সায়নীর চেনা ছবিগুলো চুরি করে অবিকল তাঁর মতোই দেখতে প্রোফাইল বানানো হয়েছে। আর সেই ফেক প্রোফাইল থেকে ইচ্ছে করেই সায়নীর আসল ভিডিওগুলোতে লাইক দেওয়া হচ্ছে। যে এই কাজটা করছে, সে আসলে সায়নীর পরিবারকে ভয় দেখাতে এবং মানসিকভাবে কষ্ট দিতেই এই জঘন্য ও নোংরা খেলাটা খেলছে।
আরও পড়ুনঃ ট্রোলের জবাবে এক লাইনে বাজিমাত! ‘বুড়ো বর সুখ দেয়?’ কটুক্তির উত্তরে আরবাজ খানকে নিয়ে কী বললেন স্ত্রী?
মেয়ের মৃত্যুর পর এই নতুন অশান্তি আর সহ্য করতে পারেননি সায়নীর মা। সম্প্রতি তিনি নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও করে সবাইকে এই অমানবিক ঘটনার কথা জানিয়েছেন। ভিডিওতে হাতজোড় করে, কেঁদে ফেলে তিনি অনুরোধ করেছেন, “দয়া করে আমাদের এই কঠিন সময়ে আর মানসিক কষ্ট দেবেন না।” সায়নীর মা সমাজের সবার কাছে আকুল আবেদন জানিয়েছেন, যারা এই ফেক প্রোফাইল বানিয়ে মজা দেখছে তারা যেন এটা বন্ধ করে। এই চরম দুঃখের দিনে সবাই যেন সায়নীর অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ায় এবং তাদের একটু শান্তিতে থাকতে দেয়।





