ইউটিউবার ও ‘বিগ বস ১৭’ খ্যাত অনুরাগ ডোভাল সম্প্রতি ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ভিন জাতের মেয়েকে বিয়ে করাকে কেন্দ্র করে পরিবারে অশান্তি তৈরি হয়েছিল বলে দাবি করেন অনুরাগ। সেই মানসিক চাপে ভেঙে পড়েই এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন অনুরাগ। রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি অনুরাগীদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়েছেন। সেখানে তিনি জানান, জীবনের কঠিন সময়ে অনেক অচেনা মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের ফোন, মেসেজ এবং ভিডিও কল তাঁকে নতুন করে ভাবতে সাহায্য করেছে এবং মানসিকভাবে শক্ত হতে সহায়তা করেছে।
ভিডিওতে অনুরাগ বলেন, নিজের পরিবার থেকে যে ভালোবাসা পাননি, তা তিনি পেয়েছেন তাঁর অনুরাগীদের কাছ থেকে। অনেকেই তাঁকে ভাই, ছেলে বা বন্ধুর মতো দেখেছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই নতুন, যা ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানান তিনি। একই সঙ্গে সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই সমর্থন তাঁকে নতুন করে বাঁচার ইচ্ছে দিয়েছে।
কিছুদিন আগে লাইভে এসে অনুরাগ জানিয়েছিলেন, তিনি ভীষণ একা এবং কারও সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নিতে পারছেন না। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার ইঙ্গিত দেন এবং গাড়ির গতি বাড়িয়ে দেন। ঘটনাটি সামনে আসার পরেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং দ্রুত তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়।
আরও পড়ুনঃ দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন অনুষ্কা শর্মা! একই ছবিতে দীপিকা সহ একঝাঁক তারকা!
সুস্থ হয়ে ওঠার পর অনুরাগ জানিয়েছেন, তিনি এখন ভালো আছেন এবং এই ঘটনাকে নিজের জীবনের নতুন শুরু হিসেবে দেখছেন। তাঁর মতে, ঈশ্বর হয়তো তাঁর জন্য নতুন কিছু ভেবে রেখেছেন বলেই তিনি বেঁচে ফিরেছেন। এই অভিজ্ঞতার পর তিনি জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন এবং ভবিষ্যতে ইতিবাচকভাবে এগিয়ে যেতে চান।





