কয়েক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অনুষ্কা শর্মা জানিয়েছিলেন, এই মুহূর্তে মাতৃত্বের ভূমিকাতেই তিনি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ। সেই পোস্ট ঘিরেই জল্পনা শুরু হয়, তবে কি অভিনয় থেকে সরে যাচ্ছেন অভিনেত্রী। যদিও তিনি সরাসরি এমন কিছু বলেননি, তবুও অনেকেই ধরে নিয়েছিলেন যে আপাতত তাঁকে আর বড় পর্দায় দেখা যাবে না। কিন্তু সাম্প্রতিক খবর বলছে, সেই ধারণা ভুল প্রমাণিত হতে চলেছে।
বলিউড সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘ প্রায় আট বছর পর আবারও বড় পর্দায় ফিরতে পারেন অনুষ্কা। এই প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। আরও চমকের বিষয়, এই ছবিতে নাকি তাঁর সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। পাশাপাশি রশ্মিকা মন্দানা এবং জাহ্নবী কাপুরের মতো তারকারাও থাকতে পারেন এই প্রজেক্টে, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলছে।
জানা যাচ্ছে, এই সিনেমাটি বলিউড নয়, দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যানারে তৈরি হতে পারে। পরিচালনায় থাকতে পারেন অ্যাটলি এবং ছবির সম্ভাব্য নাম রাখা হয়েছে এএ২২Xএ৬। কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে একাধিক চমক থাকতে চলেছে বলে শোনা যাচ্ছে। গল্প এবং চরিত্রের দিক থেকে ছবিটি একেবারেই আলাদা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এছাড়া শোনা যাচ্ছে, এই ছবিতে রশ্মিকা মন্দানাকে নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে, যা তাঁর জন্য এক নতুন অভিজ্ঞতা হতে পারে। অন্যদিকে আল্লু অর্জুনকে একাধিক চরিত্রে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে। যদিও এই সমস্ত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, ফলে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতেই হবে।
আরও পড়ুনঃ সহ অভিনেতার প্রেমে পড়ার ইঙ্গিত! সদ্য মা হতেই কার প্রেমে পড়লেন অভিনেত্রী? মুখ খুললেন পরিণীতি?
উল্লেখ্য, ২০১৮ সালে শাহরুখ খানের সঙ্গে জিরো ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল অনুষ্কাকে। এরপর ব্যক্তিগত জীবনে মন দিয়েছেন তিনি এবং বর্তমানে দুই সন্তানের মা হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঝুলন গোস্বামীর জীবন নিয়ে তৈরি চাকদা এক্সপ্রেস ছবির কাজ শুরু হলেও তা এখনও মুক্তি পায়নি। ফলে যদি নতুন এই ছবিতে তিনি অভিনয় করেন, তবে সেটিই হতে পারে তাঁর প্রত্যাবর্তনের বড় মঞ্চ।





