“বর্তমান ইন্ডাস্ট্রি এখন আর উন্নত নেই, মানুষের রুচি নিম্নমানের হয়ে গিয়েছে”- বিস্ফোরক অপর্ণা সেন!

অপর্ণা সেন (Aparna Sen) এমন একজন অভিনেত্রী যাকে নিয়ে কখনোই কোন উত্তেজনা কমে না দর্শকদের মধ্যে। সব সময় বাঙালির কাছে প্রিয় অভিনেত্রী হিসেবে থেকে গিয়েছেন অভিনেত্রী (Actress)। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পরিচালকও (Director) বটে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পরিচালনার কাজে দক্ষ হাতে সামলাচ্ছেন তিনি।

বর্তমানে ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষোভ অপর্ণা সেনের

তবে বেশ অনেক বছর হয়ে গেল অভিনেত্রীকে বড়পর্দায় দেখতে পাননি দর্শক। বাংলা ছবিতে নতুন করে আবার তাকে পাওয়ার অনেক অনুরোধ আসে, কিন্তু বাংলা ছবিতে তাকে আর দেখা যায়নি। এবারে দর্শকদের সেই অপেক্ষার অবসান হয়েছে। অবশেষে অভিনেত্রীকে বাংলা ছবিতে দেখা যেতে চলেছে খুব শীঘ্রই। সদ্য মুক্তি পেতে চলেছে অপর্ণা সেনের নতুন ছবি পরমা।

সব নিয়ে সদ্যই একটি সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই তিনি বললেন, ‘এ শহরের মধ্যে একটা খ্যাপামি ছিল, আমরা যখন ছোট ছিলাম, শহরের মধ্যে এক ধরনের মজা ছিল। একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার ছিল। সেই সব চলে গিয়ে পাতি মধ্যবিত্ত, একটা ডেলি সোপের শহর হয়ে গিয়েছে। এটা আমার ভাল লাগে না।’

এছাড়াও বর্তমানে ইন্ডাস্ট্রি নিয়ে অভিনেত্রীর অভিযোগ “এখন একটা ভালো ছবি করার অনুকূল পরিস্থিতি নেই। বাজেট কম, দর্শককে আমরা ধরে রাখতে পারছি না। দর্শক টানতে পারছি না। বাংলা ছবি দেখার জন্য এখন দর্শক সংখ্যা দিন দিন কমে আসছে। বাংলাদেশের সঙ্গে আমরা ঠিক মত আদান প্রদান করতে পারিনি। আমাদের দেশে চারিদিকে বাংলা ভাষা বোঝে এমন অনেক মানুষ রয়েছে তাদের কাছে আমরা বাংলা ছবি পৌঁছে দিতে পারিনি।”

“বাংলা ছবি দর্শকের কাছে পৌঁছে দিতে হবে, দর্শক গোষ্ঠী বাড়াতে হবে। তাছাড়া দর্শকদের রুচি নিম্নমানের হয়ে গিয়েছে। ডেলিসোপ সত্যি মানুষের রুজি রুটির যোগায় কিন্তু যদি রুচির কথা বলি তাহলে সেটা অনেক নিম্নমানের হয়ে গিয়েছে। আর দর্শকদের রুচি উন্নত করার দিকে কারোর মন নেই।”