লড়াইয়ের দৃশ্য করতে গিয়েই দুর্ঘটনা! স্টান্টম্যানদের পাশে দাঁড়িয়ে নজির গড়লেন অক্ষয় কুমার

বলিউডে দেশপ্রেমিকের চরিত্র মানেই প্রথমেই যার নাম মাথায় আসে, তিনি অক্ষয় কুমার। পর্দায় দেশের জন্য লড়তে দেখা গিয়েছে তাঁকে বহুবার। কিন্তু এ বার বাস্তব জীবনেই দেশের জন্য বড় পদক্ষেপ নিলেন তিনি—যা জানলে আপনি চমকে যাবেন।

সম্প্রতি এক তামিল ছবির শুটিং চলাকালীন মৃত্যু হয়েছে স্টান্টম্যান রাজুর। অভিনেতা আর্য অভিনীত সেই ছবিরই একটি লড়াইয়ের দৃশ্য করতে গিয়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আর এরপর থেকেই গোটা ইন্ডাস্ট্রিতে প্রশ্ন উঠেছে—স্টান্টম্যানরা কি যথেষ্ট সুরক্ষা পান?

এই প্রশ্নের উত্তর খুঁজতে আর দেরি করেননি অক্ষয়। সোজাসুজি দায়িত্ব নিয়ে এগিয়ে এলেন। তাঁর উদ্যোগে এখন থেকে সারা ভারতজুড়ে প্রায় ৬৫০ জন স্টান্টম্যান ও স্টান্টওম্যানের জন্য থাকছে স্বাস্থ্যবিমা ও দুর্ঘটনা বিমা।

‘ধড়ক ২’, ‘জিগরা’, ‘গুঞ্জন সাক্সেনা’-র মতো একাধিক ছবিতে কাজ করা অ্যাকশন ডিরেক্টর বিক্রম দহিয়া জানিয়েছেন এই খবরে। তাঁর কথায়, “অক্ষয় স্যরকে সত্যিই ধন্যবাদ জানাতে হয়। ওঁর কারণে এখন স্টান্টম্যানরা অনেকটাই সুরক্ষিত। যদি কেউ আহত হন, তাহলে ৫ থেকে সাড়ে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবেন।”

আরও পড়ুনঃ বিজয় দেবরকোন্ডা হাসপাতালে ভর্তি, মুক্তির মুখে ‘কিংডম’, উদ্বেগে অনুরাগীরা!

স্টান্টম্যানদের কাজ কিন্তু মোটেও সহজ নয়। বিপজ্জনক সব দৃশ্য, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেন তাঁরা। অথচ এতদিন তাঁদের জন্য কোনও স্থায়ী সুরক্ষার ব্যবস্থা ছিল না। এবার অক্ষয়ের এই উদ্যোগ সেই ফাঁক অনেকটাই পূরণ করতে চলেছে।

বলিউডে যেমন তিনি অ্যাকশন হিরো, বাস্তব জীবনেও আজ তিনি হয়ে উঠলেন একজন সত্যিকারের নায়ক।