বিজয় দেবরকোন্ডা হাসপাতালে ভর্তি, মুক্তির মুখে ‘কিংডম’, উদ্বেগে অনুরাগীরা!

‘অর্জুন রেড্ডি’ বললেই যাঁর কথা মনে পড়ে, সেই বিজয় দেবরকোন্ডাকে ঘিরেই এখন চরম উদ্বেগে তাঁর ভক্তরা। পর্দায় উগ্র, রাগী, অথচ হৃদয়বান চরিত্রে বাজিমাত করেছেন বহুবার। এবারেও বড় পর্দায় তাঁর নতুন ছবি ‘কিংডম’ মুক্তির মুখে। আর ঠিক এই সময়েই শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী সুপারস্টার।

জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিন কয়েক আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন বিজয়। শারীরিক ভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন তিনি। তবে চিকিৎসকদের আশা, সব ঠিক থাকলে ২০ জুলাইয়ের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি।

অন্যদিকে, বিজয়ের পরবর্তী ছবি ‘কিংডম’ নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই। এই ছবির প্রচারে বিজয় কয়েকদিন আগেও চুটিয়ে ব্যস্ত ছিলেন। স্বাধীনতা-উত্তর যুগের সিংহল-তামিল সংঘাত ও শরণার্থী সংকট নিয়ে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। বিশাল বাজেটে তৈরি হওয়া এই পিরিয়ড ড্রামা নিয়ে প্রত্যাশা তুঙ্গে।

প্রসঙ্গত, ছবিটি আসলে মুক্তি পাওয়ার কথা ছিল ৩০ মে। কিন্তু এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার জেরে সেই সময় মুক্তি স্থগিত রাখা হয়। অবশেষে নতুন মুক্তির দিন ঘোষণা করা হয়েছে— আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে আসছে ‘কিংডম’।

আরও পড়ুনঃ রাতের কলকাতায় টলিউড অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ২ যুবক

এখন শুধু প্রার্থনা, সুস্থ হয়ে দ্রুত ফিরে আসুন বিজয় দেবরকোন্ডা, কারণ তাঁর ফিরে আসাটাই অনুরাগীদের কাছে এখন সবচেয়ে বড় আশার কথা।