চলচ্চিত্র জগতে বায়োপিক নতুন কোনও বিষয় নয়। রাজনীতিবিদ থেকে শুরু করে খেলোয়াড়, বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ব্যক্তিত্বের জীবনকাহিনি এর আগে বহুবার বড়পর্দায় উঠে এসেছে। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে আরও একটি নাম। বৃন্দাবনের আধ্যাত্মিক ব্যক্তিত্ব অনিরুদ্ধাচার্য মহারাজের (Aniruddhacharya) জীবন ও তাঁর আধ্যাত্মিক যাত্রা নিয়ে তৈরি হতে চলেছে নতুন একটি হিন্দি সিনেমা। ছবিটি পরিচালনা করবেন বাঙালি পরিচালক শুভেন্দু ঘোষ।
শুভেন্দু ঘোষ এর আগে ‘ম্যায় মুলায়ম সিং যাদব’ ছবিটি পরিচালনা করেছেন। বাংলা ও হিন্দি ভাষায় আরও বেশ কিছু সিনেমা রয়েছে তাঁর পরিচালনার তালিকায়। এবার তাঁর পরিচালনাতেই বড়পর্দায় উঠে আসবে অনিরুদ্ধাচার্য মহারাজের জীবনের নানা দিক। তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আধ্যাত্মিক জগতে তাঁর পথচলা, কীভাবে তিনি মানুষের মধ্যে ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ তৈরি করেছেন, সেই বিষয়গুলিই ছবির মূল অংশ হয়ে উঠবে বলে জানা যাচ্ছে।
ছবির কাজ ইতিমধ্যেই পরিকল্পনার পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসের শেষের দিকেই শুরু হতে পারে সিনেমার শুটিং। তবে ছবির কাস্টিং নিয়ে এখনও কোনও চূড়ান্ত তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে অনিরুদ্ধাচার্য মহারাজের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে, তা নিয়েই এখন কৌতূহল তৈরি হয়েছে। তাঁর জীবনের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই চরিত্রে অভিনয় করা অভিনেতার নির্বাচন।
সাম্প্রতিক সময়ে বলিউডে বায়োপিকের পাশাপাশি আধ্যাত্মিক বিষয়কে কেন্দ্র করে সিনেমা তৈরির প্রবণতাও দেখা যাচ্ছে। নিম করোলি বাবাকে কেন্দ্র করে তৈরি ‘হনুমান অংশ’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। পাশাপাশি ‘রামায়ণ’ নিয়েও বড় পরিসরে সিনেমা তৈরির কাজ চলছে। সেই আবহেই অনিরুদ্ধাচার্য মহারাজের জীবন নিয়ে এই নতুন ছবির ঘোষণা আলাদা করে নজর কেড়েছে।
আরও পড়ুনঃ ‘তুমি ওখানে পাগলামি করছো? এদিকে লোকে আমাকে গা’লাগালি দিচ্ছে…’ স্বামী ভরত কলের উপর ক্ষেপলেন জয়শ্রী! কী বললেন অভিনেত্রী?
আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত একজন পরিচিত ব্যক্তিত্বের জীবন কীভাবে সিনেমার পর্দায় তুলে ধরা হয়, তা দেখার জন্য স্বাভাবিকভাবেই অপেক্ষা করবেন দর্শকরা। বিশেষ করে অনিরুদ্ধাচার্য মহারাজের ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচালক শুভেন্দু ঘোষের হাত ধরে এই বায়োপিকের কাজ কোন পথে এগোয় এবং মুখ্য চরিত্রে কাকে দেখা যায়, এখন সেদিকেই নজর থাকবে।





