বলিউড আর ভোজপুরি দুই জগতেই জনপ্রিয় অভিনেতা রবি কিষণ। রাজনীতিতেও সক্রিয়। কিন্তু ব্যক্তিগত জীবনে তাঁর একটা এমন অভ্যাস আছে, যা শুনলে অবাক হতেই হবে!
সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে গিয়েছিলেন রবি কিষণ, অজয় দেবগন আর ম্রুনাল ঠাকুর। তাঁদের আসন্ন ছবি ‘সন অফ সর্দার ২’-এর প্রচারেই হাজির হয়েছিলেন তাঁরা। আর সেখানেই খোলসা হল রবির দাম্পত্য জীবনের একটা ছোট্ট অথচ মিষ্টি দিক।
কপিল শর্মা হেসে হেসে জানালেন, “রবি ভাই নাকি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে স্ত্রীকে প্রণাম করেন!”
এই কথা শুনেই দর্শক আর অতিথিরা হেসে ফেলেন। অজয় দেবগন তো সঙ্গে সঙ্গে খোঁচাও দেন, বলেন, “যে যত বেশি ভুল করে, তাকে তত বেশি নীচে ঝুঁকতে হয়!”
তবে রবি কিষণ একটুও না হেসে, একেবারে শান্ত গলায় বলেন,
“হ্যাঁ, এটা একদম সত্যি। আমি সত্যিই রোজ রাতে শুতে যাওয়ার আগে আমার স্ত্রীকে প্রণাম করি। ও বারণ করে, কিন্তু ঘুমিয়ে পড়লে আমি করে ফেলি। কারণ ও আমার জীবনের সব কঠিন সময়ের সাক্ষী। যখন কিছুই ছিল না, অর্থ ছিল না, তখনও ও আমার পাশে ছিল। কখনও ছেড়ে যায়নি। তাই আজ যা কিছু আছি, তার পিছনে ওর অনেক অবদান। ওকে সম্মান জানাতে এটা তো করতেই পারি, না?”
আরও পড়ুনঃ “সোনম-রঘুবংশীর ঘটনা নিয়ে ছবি করছেন আমির খান? বি-টাউনে জল্পনা তুঙ্গে!”
উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রীতি শুক্লর সঙ্গে বিয়ে হয় রবির। তাঁদের চার সন্তান – এক ছেলে ও তিন মেয়ে।
গত বছর যদিও রবি কিষণের নাম জড়িয়েছিল এক বিতর্কে। এক মহিলা দাবি করেন, তাঁর মেয়ের বাবা নাকি রবি কিষণ। যদিও অভিনেতা স্পষ্টভাবেই সেই দাবি উড়িয়ে দিয়েছিলেন। পরে ডিএনএ পরীক্ষাও করানো হয়, তবে সেই রিপোর্ট প্রকাশ্যে আসেনি।
তা যাই হোক, পুরনো বিতর্ক এখন পেছনে ফেলে রবি যেন জীবনের সবটা কৃতজ্ঞতা দিয়ে জড়িয়ে রেখেছেন তাঁর স্ত্রীর চারপাশে। আর তাই, প্রতিদিন একটুকরো শ্রদ্ধা জানাতে কখনও ভোলেন না তিনি।





