অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বাভাবিক খুশির বদলে বরং এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়কার কথা অকপটে শেয়ার করলেন তিনি।
রাধিকা জানান, গর্ভবতী হওয়ার খবর শোনার পর তিনি নিজে যতটা না অবাক বা উদ্বিগ্ন হয়েছিলেন, তার চেয়েও বেশি বিরক্তি এসেছিল প্রযোজকের তরফ থেকে! তিনি বলেন, “প্রযোজক খবরটা শুনে একেবারেই খুশি হননি। আমার শরীর ফুলে যাচ্ছিল, প্রচণ্ড যন্ত্রণা হত, সবসময় খিদে পেত — তাও আমাকে চাপা, টাইট পোশাক পরতে বাধ্য করা হত। এমনকি যখন শরীর খারাপ লাগত, তখন চিকিৎসকের কাছেও যেতে দেওয়া হয়নি।”
এটা ছিল তাঁর বলিউডের অভিজ্ঞতা। কিন্তু ঠিক তার উলটো ছবি দেখেছেন তিনি হলিউডে কাজ করার সময়। রাধিকার কথায়, “হলিউডের এক পরিচালকের সঙ্গে কাজ করার সময় আমি তাঁকে জানালাম, আমার খাওয়াদাওয়া বেড়ে গিয়েছে, ফলে আমার শরীরে পরিবর্তন আসছে। উনি হেসে বললেন, ‘তুমি তো গর্ভবতী! এতে সমস্যা কোথায়?’ এই ছোট্ট কথাটাই অনেক কিছু বলে দেয়।”
আরও পড়ুনঃ ‘টাকার লোভ নেই, গল্পই আসল! লিভ-ইন বার্তা পছন্দ নয়, এসবে মন সায় দেয় না’ লিভ ইন সম্পর্ক নিয়ে অকপটে মৌসুমী চ্যাটার্জি
রাধিকার স্পষ্ট বক্তব্য, তিনি কখনও কোনও স্পেশ্যাল ট্রিটমেন্ট চাননি। শুধু ন্যূনতম সহযোগিতা আর সহানুভূতিটুকু চেয়েছেন, যেটা পেশাগত জায়গায় প্রত্যেকেরই প্রাপ্য। তিনি বলেন, “আমি সব সময়েই কাজের প্রতিশ্রুতিকে গুরুত্ব দিয়েছি। কিন্তু কোথাও একটু সহানুভূতি থাকলে, সেই কাজটা আরও ভালোভাবে করা যায়। সেটাই কাম্য।” এ যেন এক সাহসী স্বীকারোক্তি — বলিউডের গ্ল্যামারের আড়ালে থাকা কঠিন বাস্তবের কথা সহজেই তুলে ধরলেন রাধিকা।





