‘টাকার লোভ নেই, গল্পই আসল! লিভ-ইন বার্তা পছন্দ নয়, এসবে মন সায় দেয় না’ লিভ ইন সম্পর্ক নিয়ে অকপটে মৌসুমী চ্যাটার্জি

টলিউড আর বলিউড – দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় ছিলেন তিনি। অমিতাভ বচ্চন থেকে উত্তম কুমার – নামজাদা অভিনেতাদের সঙ্গে অভিনয় করে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছিলেন মৌসুমী চ্যাটার্জি। দীর্ঘদিন পর আবার ক্যামেরার সামনে ফিরছেন তিনি – এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে, ৯ বছর পরে ফেরার গুঞ্জনের মাঝেই খানিকটা হতাশ করলেন অভিনেত্রী নিজেই। জানালেন, এখনো কোনও ছবির জন্য ‘হ্যাঁ’ বলেননি তিনি।

শেষবার ২০১৩ সালে ‘গয়নার বাক্স’ ছবিতে দেখা গিয়েছিল মৌসুমীকে। তারপর থেকেই তিনি রূপোলি পর্দা থেকে দূরে। কারণটা খুব পরিষ্কার – ভালো চিত্রনাট্যের অভাব।

সম্প্রতি পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘দিলখুশ’ নিয়ে তার সঙ্গে আলোচনা চলছে। কিন্তু চিত্রনাট্য পড়ে তেমন খুশি নন মৌসুমী। তিনি বলেন, “আমি এখনও রাহুলকে কিছু জানাইনি। স্ক্রিপ্ট পড়ে একেবারে মুগ্ধ হইনি। এটা রাহুলকেও জানিয়েছি। ও কিছু পরিবর্তন করেছে, ভালই লিখেছে, কিন্তু এখনও সেটা মন ছুঁয়ে যায়নি।”

তাহলে কোন অংশটা পছন্দ হয়নি? মৌসুমী জানান, ছবির মূল গল্প নিয়ে তার আপত্তি আছে। দুই প্রবীণ চরিত্র – এক জন ৬৫ বছরের বৃদ্ধা এবং অন্যজন ৭০ বছরের বৃদ্ধ – লিভ-ইন সম্পর্কে রয়েছেন, এই বিষয়টা মেনে নিতে পারছেন না তিনি।

তার কথায়, “এই গল্প দিয়ে দর্শকদের যেটা বোঝাতে চাইছে রাহুল, তার সঙ্গে আমি একমত নই। একজন বৃদ্ধা, যার নাতনি হয়ে গিয়েছে, সেই চরিত্রকে লিভ-ইনে দেখানো… এটা আমার পক্ষে গ্রহণযোগ্য নয়। আমি এমন কোনও বার্তা দিতে পারি না। বিনোদন চাই, অথবা সুন্দর একটা বার্তা। টাকা আমার কাছে মুখ্য নয়।”

তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন, কাজ করতে তিনি আগ্রহী, এমনকি নতুনদের সঙ্গেও কাজ করতে কোনও আপত্তি নেই তার।

রাহুল মুখোপাধ্যায়ের এই ছবিতে মূল জুটি হিসেবে থাকছেন সোহম মজুমদার ও মধুমিতা সরকার। মৌসুমী রাজি না হলে, ওই বয়স্ক চরিত্রে অন্য কোনও অভিনেতাকে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

ফেরার দরজা এখনো খোলা, তবে কি আদৌ কামব্যাক হবে? নাকি আবার অপেক্ষা করতে হবে মৌসুমীর একেবারে “মনের মতো” স্ক্রিপ্টের জন্য? সময়ই বলবে।