‘ক্যামেরার পেছনে পোশাক খুলতে বলেছিলেন’, নানা পাটেকরের পর এবার বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ আনলেন তনুশ্রী

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও শিরোনামে। #MeToo আন্দোলনের সময় তিনি অন্যতম সাহসী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। দীর্ঘদিন ধরেই নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে আসছেন তিনি। এবার নতুন করে পরিচালকের আসনে থাকা বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তুললেন এই অভিনেত্রী।

তনুশ্রীর আইনজীবী নিতিন সতপুতে জানিয়েছেন, ২০০৫ সালের ছবি চকোলেট: ডিপ ডার্ক সিক্রেটস–এর শ্যুটিং চলাকালীন অগ্নিহোত্রী তাঁকে পোশাক খুলে ক্যামেরার পেছনে নাচতে বলেন। অভিযোগ, পরিচালক চান অন্য অভিনেতা সেই অভিনয়ের “কিউ” বুঝে নিক। এই ঘটনার কারণে তনুশ্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

প্রথমে অগ্নিহোত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ না করলেও পরে আইনি নোটিশে পরিচালক নিজেই নাকি স্বীকার করে নিয়েছিলেন ঘটনাটি। ওই নোটিশে লেখা ছিল, “পরিচালকটি আমি নিজেই ছিলাম।” এই স্বীকারোক্তির ভিত্তিতেই সম্প্রতি ওশিওয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তনুশ্রী।

তবে এখানেই শেষ নয়। বহু বছর ধরে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সেসময় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছিল। এবার নতুন আইনি পদক্ষেপের পর আবারও সেই পুরোনো ঘটনাগুলো সামনে চলে এসেছে।

এই প্রসঙ্গে তনুশ্রী বলেন, “এ ধরনের ঘটনা ভারতে অনেক সময় গুরুত্বই পায় না। কিন্তু আমি এখনও আশাবাদী যে বিচার পাব। যদিও জানি না সেই বিচার কেমন হবে। নিয়ম, আইন সব সময় পাল্টে যায়, দুর্নীতিও আছে। তাই ন্যায় পেতে দেরি হয়।” তাঁর কথায়, এই লড়াই শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং এমন বহু নারীর জন্যই যাঁরা নীরব থেকে অন্যায় সহ্য করেন।