“থাপ্পড়ের পর বিনুনি ধরে কপাল ঠুকে দেন! আমাকে সহ্য করতে পারতেন না সন্ধ্যা রায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অনামিকা সাহা

টলিউডে প্রায় ৪৫ বছরের লম্বা যাত্রাপথ অনামিকা সাহার। কখনও স্নেহশীলা মা, কখনও বিন্দুমাসি— নানান চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। কিন্তু এই দীর্ঘ ক্যারিয়ারের আড়ালে জমে আছে বহু অভিজ্ঞতা, যার কিছু বেশ তিক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনামিকা তুলে ধরেছেন এমন এক চাঞ্চল্যকর ঘটনা, যা শুনে অনেকেই অবাক হয়েছেন। আর সেই ঘটনার কেন্দ্রে রয়েছেন তাঁর একসময়ের সিনিয়র অভিনেত্রী, জনপ্রিয় নায়িকা সন্ধ্যা রায়।

অনামিকার কথায়, তরুণ মজুমদারের হাত ধরেই তিনি প্রথম ছবির জগতে আসেন। আর সেই সময়েই ঘটে যায় এই অভিজ্ঞতা। সিনেমার শুটিং চলছিল। দৃশ্য ছিল সন্ধ্যা রায় তাঁকে একবার থাপ্পড় মারবেন। কিন্তু অভিনয়ের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন সন্ধ্যা। অনামিকা বলেন, “আমাকে থাপ্পড় মারার পর হঠাৎই আমার বিনুনি ধরে বাঁশের সঙ্গে মাথা ঠুকে দেন তিনি। কপাল ফুলে ঢোল হয়ে যায়। তনুদা (তরুণ মজুমদার) ক্রেন থেকে চিৎকার করছিলেন, কিন্তু ততক্ষণে সব শেষ। তারপর সন্ধ্যা রায় গাড়িতে উঠে বেরিয়ে গেলেন।”

শুধু তাই নয়, ওই সিনেমার শুটিংয়ের আগে আরও একটি ঘটনায় অপমানিত হয়েছিলেন অনামিকা। তিনি জানান, শুটিংয়ের প্রস্তুতির সময় সন্ধ্যা তাঁকে ডেকে সরাসরি জিজ্ঞেস করেন, “তুমি ব্রা পরনি?” আসলে তরুণ মজুমদারের নির্দেশেই চরিত্র অনুযায়ী তাঁকে সেই পোশাক বেছে নিতে হয়েছিল। কিন্তু সন্ধ্যা রায় বিষয়টি অন্যভাবে নেন। পরিচালক ছিলেন তাঁর স্বামী, আর হয়তো সেই কারণেই সন্দেহ জন্মায়।

অনামিকার মতে, সেই সন্দেহের জেরেই শুটিংয়ে সহঅভিনেত্রীকে তিনি আঘাত করেছিলেন। অনামিকার কথায়, “আমার মনে হয়েছিল, সন্ধ্যা চাইতেন না আমি তনুদার সঙ্গে ভালো সম্পর্ক রাখি। তিনি আমাকে আর আমার স্বামীকে নিয়ে ভুল বুঝতেন। হয়তো তাঁর মনে হয়েছিল আমি তাঁর জায়গা নিতে চাইছি। আমার প্রতিভাকেও তিনি ভয় পেতেন।”

আজ এত বছর পরও এই অভিজ্ঞতা অনামিকার মনে কষ্টের ছাপ রেখে গেছে। তবে তিনি এটাও স্বীকার করেছেন, অপমান পেয়েছেন যেমন, তেমনই অনেক ভালোবাসাও পেয়েছেন টলিউডে। আর সেই ভালবাসাতেই আজ তিনি খুশি। তবুও, এই ঘটনার মতো স্মৃতি তাঁর জীবনের পাতায় চিরকাল রয়ে যাবে।