রিয়্যালিটি শো ‘দ্য ট্রেটর্স’-এ বিজয়ী হওয়ার পর ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি উর্ফী জাভেদ। কর্ণ জোহরের সঞ্চালনায় সম্প্রচারিত এই শো-তে জয় ছিনিয়ে আনেন তিনি। কিন্তু বিজয়ের আনন্দ উদ্যাপনের বদলে এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই জনপ্রিয় নেটপ্রভাবী।
উর্ফীর দাবি, অনুষ্ঠানে জেতার পর থেকেই তাঁকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে অশ্লীল গালিগালাজ, অপমানজনক মন্তব্য। এমনকি, তাঁকে ‘যৌনকর্মী’ বলেও কটাক্ষ করা হচ্ছে। হুমকির একটি স্ক্রিনশট তিনি নিজেই ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
ব্যতিক্রমী পোশাক আর সাহসী স্টাইলের জন্য অনেক আগে থেকেই চর্চায় ছিলেন উর্ফী। কখনও তাঁর পোশাক হয়ে উঠেছে জলভরা অ্যাকোয়ারিয়াম, কখনও আলো দিয়ে তৈরি গাউন। প্রথমদিকে তাঁকে নিয়ে বিস্তর সমালোচনা হলেও, পরবর্তীতে অনেকেই প্রশংসা করতে শুরু করেন তাঁর ফ্যাশনের উদ্ভাবনী চেতনার জন্য।
তবে শুধু পোশাক নয়, উর্ফী নিজের মত প্রকাশেও বরাবর ছিলেন স্পষ্টবাদী। সমাজে মহিলাদের জায়গা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তিনি। এই কারণে বহুবার কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে।
‘দ্য ট্রেটর্স’-এ অংশ নেওয়ার সময় থেকেই বিতর্কে জড়িয়েছিলেন উর্ফী। ফাইনাল পর্বে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন হর্ষ গুজরাল এবং পূরব ঝা। উর্ফী বিজয়ী হওয়ার পর থেকেই মূলত হর্ষ ও পূরবের অনুরাগীদের একটি অংশ তাঁর বিরুদ্ধে ঘৃণা উগরে দিচ্ছে।
এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে উর্ফী লেখেন,
“মহিলাদের কাজ অপছন্দ হলেই তাঁদের যৌনকর্মী বলা হয়। এটা আমার জীবনে প্রথম নয়, বহুবার শুনেছি এমন কথা। কিন্তু এবার পোশাকের জন্য নয়, আমি হুমকি পাচ্ছি শুধুমাত্র একটি রিয়্যালিটি শো জেতার কারণে।”
আরও লেখেন, “আমি যাই করি না কেন, মানুষ ঘৃণা করবে। যদি হর্ষকে বের করে না দিতাম, সবাই বলত প্রেমে অন্ধ। আর সেটা করায় এখন আমাকে বলা হচ্ছে প্রতারক। আমার প্রতি ঘৃণা কোনওদিনই শেষ হবে না।”
আরও পড়ুনঃ কার্তিক আরিয়ানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র! সুশান্তের মতোই পরিণতি হওয়ার আশঙ্কা! কি এমন হয়েছে অভিনেতার সঙ্গে?
এই ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই উর্ফীর পাশে দাঁড়াচ্ছেন, আবার অনেকে বলছেন, একজন মহিলার সাফল্য হজম করতে না পেরেই এই ধরনের ঘৃণা ছড়ানো হচ্ছে।





