নতুন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক ডেভিড ধাওয়ান এবং অভিনেতা বরুণ ধাওয়ান। সেই ইভেন্টের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগ সামলাতে পারেননি ডেভিড ধাওয়ান। তিনি বলেন, সব বাবারই নাকি বরুণ ধাওয়ান-এর মতো ছেলে পাওয়া উচিত। এই কথা বলার পরেই চোখে জল চলে আসে তাঁর। পাশে বসে থাকা বরুণ বাবাকে শান্ত করার চেষ্টা করেন।
বাবাকে কাঁদতে দেখে বরুণ ধাওয়ান তাঁর পিঠে হাত রাখেন এবং হাসির ছলে বলেন, শুধু তাঁর নাম নয়, ভাই রোহিতের নামও যেন বলা হয়। এরপর বাবাকে জড়িয়ে ধরে কপালে চুমুও খান তিনি। বাবা-ছেলের এই মুহূর্ত অনেকের মন ছুঁয়ে গিয়েছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকেই নেটিজেনদের নানা প্রতিক্রিয়া সামনে এসেছে। কেউ লিখেছেন, একজন বাবা যখন ছেলেকে নিয়ে গর্ব অনুভব করেন, তখন এমন আবেগ স্বাভাবিক। আবার অনেকেই এই মুহূর্তকে খুব সুন্দর বলে মন্তব্য করেছেন। পোস্টে অসংখ্য হার্ট ইমোজিও দেখা গিয়েছে।
আরও পড়ুন : পর্দায় যাই চলুক, অফস্ক্রিনে জমজমাট তিন বোন! ‘কমলা নিবাস’-এর সেটে কে সবচেয়ে দুষ্টু? ফাঁস হলো গোপন তথ্য!
‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিটি পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান। ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে, মণীশ পাল, মৃণাল ঠাকুর, মৌনি রায়, রাকেশ বেদী এবং জিমি শেরগিল। আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।





