বলিউডে জোর গুঞ্জন—তমন্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের অধ্যায় পেরিয়ে কি সত্যিই ফাতিমা সানা শেখের দিকে মন দিয়েছেন বিজয় বর্মা? কয়েক সপ্তাহ ধরেই এই জল্পনা ঘুরছে শিল্পমহলে। যদিও বিজয় বা ফাতিমা—কেউই মুখ খোলেননি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয়ের মন্তব্য যেন আরও বাড়িয়ে দিল কৌতূহল। ফাতিমাকে তিনি তুলনা করলেন ‘মৃদু বাতাস’-এর সঙ্গে, আর বলিউডে শুরু হল নতুন গল্পের আলোচনা।
শুধু সম্পর্কের গুঞ্জনই নয়, বর্তমানে দু’জনে অভিনয় করছেন ‘গুস্তাখ ইশ্ক’ ছবিতে। সেখানে কাজ করতে গিয়ে ফাতিমা সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বিজয় জানান, অভিনেত্রীকে তিনি অত্যন্ত খাঁটি ও মেধাবী মানুষ হিসেবে দেখেছেন। ফাতিমার হাস্যরস, প্রাণচাঞ্চল্য আর নির্ভুল কর্মনিষ্ঠা নাকি তাঁকে বিশেষভাবে আকর্ষণ করেছে। প্রতিটি দৃশ্যে শতভাগ দেওয়ার চেষ্টা করেন ফাতিমা—এই প্রশংসা প্রকাশ করতেই দ্বিধা করেননি বিজয়।
বিজয়ের কথায় দু’জনের ব্যক্তিত্বেও নাকি মিল রয়েছে। তাঁদের রসবোধ একেবারেই মিলে যায়। আর এই মিলেই তৈরি হয় অনায়াস রসায়ন। এমনকি তিনি সরাসরি বলেছেন—“ফাতিমা ঠিক মৃদু বাতাসের মতো।” পুরনো দিনের প্রেমের গল্প নিয়ে তৈরি এই ছবিতে ফাতিমার সঙ্গে কাজ করতে তাঁর দারুণ ভাল লেগেছে বলেও জানান তিনি।
এমন মন্তব্য সামনে আসতেই বলিউডে আবার ওঠে প্রশ্ন—তাহলে কি সত্যিই নতুন সম্পর্কে জড়িয়েছেন তাঁরা? কারণ কয়েকদিন ধরেই তাঁদের নিয়ে কানাঘুষো বেড়েই চলেছে। তমন্নার সঙ্গে দীর্ঘ দু’বছরের সম্পর্ক ভাঙার পরই কয়েক মাসের ব্যবধানে ফাতিমার নামের সঙ্গে বিজয়ের নাম জড়ানোয় অনেকেই ভাবছেন, এ কি নতুন শুরু?
আরও পড়ুনঃ জিম থেকে ফেরার পথে অস্বস্তিকর অভিজ্ঞতা! কাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অহনা দত্ত?
শোনা যায়, তমন্না বিয়ের কথা ভাবলেও বিজয় তাতে রাজি ছিলেন না। এই মতবিরোধ থেকেই নাকি সম্পর্কের ইতি। সেই অধ্যায় পেরিয়ে এখন তাঁর জীবনে কি নতুন বাতাস বইছে? বিজয়ের ‘মৃদু বাতাস’-এর মন্তব্যে অন্তত বলিউডে এখন জল্পনার ঝড়।





