“মাচার টাকায় ফ্ল্যাট-গাড়ি কেনে সবাই, লুকোতে হবে কেন? টাকা নিয়ে মাচা করতে লজ্জা নেই, গর্বই হয়” অকপটে ইন্দ্রানী হালদার

টলিউডের ঝলমলে গ্ল্যামার ওয়ার্ল্ডকে অনেকেই শুধু আলো আর যশের দুনিয়া হিসেবে দেখেন। কিন্তু এই দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকে শিল্পীদের সংগ্রাম। একদিনে কেউ নায়িকা হয়ে ওঠেন না, এর পেছনে থাকে বছরের পর বছর লড়াই। সেই পথ পেরিয়ে আজকের দাপুটে অভিনেত্রী ইন্দ্রানী হালদার। দীর্ঘ অভিনয় জীবনে তিনি একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। শুধু বড় পর্দা নয়, ছোট পর্দার সিরিয়াল আর ওয়েব সিরিজেও সমান সফল তিনি। দর্শকদের কাছে কখনও তিনি গোয়েন্দা গিন্নি, আবার কখনও শ্রীময়ী।

বর্তমানে নিজের নতুন ছবি কুলের আচার নিয়ে ব্যস্ত ইন্দ্রানী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানালেন নিজের মত। তাঁকে প্রশ্ন করা হয়েছিল— সিনেমা, ওয়েব সিরিজ, টিভি সিরিয়াল, এমনকি মাচা— এর মধ্যে কোনটা করতে তিনি সবচেয়ে উপভোগ করেন? জবাবে অভিনেত্রী জানিয়েছেন, মাধ্যম যাই হোক না কেন, তিনি সব কাজকেই সমান আনন্দ নিয়ে করেন। কারও যদি তাঁর কাজ ভালো লাগে, সেটা ছোট গল্প হোক বা বড় ছবি, টিভি ধারাবাহিক হোক বা মঞ্চের অনুষ্ঠান, তাঁর কাছে সবটাই সমান মূল্যবান।

এই প্রসঙ্গে উঠে আসে মাচার কথা। অনেক শিল্পী আছেন যারা মাচায় অভিনয় করলেও মুখে বলেন না, আবার অনেকে বিষয়টা নিয়ে ট্রোলও করেন। কিন্তু ইন্দ্রানী সোজাসাপ্টা জানিয়ে দিলেন— “মাচার টাকা দিয়ে যদি কেউ ফ্ল্যাট কেনে, গাড়ি কেনে, গয়না কেনে, তাতে সমস্যা নেই। কিন্তু যে মাচা করে সেটা বলতে গেলেই সবাই আঁতকে ওঠে।”

অভিনেত্রী আরও জানান, তিনি যখন অভিনয় শুরু করেছিলেন, তখন পার ডে মাত্র ৫০০ টাকা পেতেন। সেখান থেকে ৫০০০ টাকায় পৌঁছাতে তাঁর অনেক বছর লেগেছে। তাই তিনি মাচাকে কখনও ছোট করে দেখেন না। বরং গর্ব করেন যে মাচার টাকায়ই জীবনে অনেক কিছু করেছেন।

ইন্দ্রানীর মতে, মাচা তাঁর কাছে শুধু উপার্জনের মাধ্যম নয়, মানুষের ভালোবাসা পাওয়ারও জায়গা। তাই এ নিয়ে লুকোনোর কিছু নেই। বরং খোলাখুলি বললেন— “আমি মাচা শো করি আর টাকা নিয়ে যাই। এতে আমার গর্ব হয়, লজ্জা নয়।”