মাসে ভাড়া ৫.৫১ লক্ষ টাকা! মুম্বইয়ের বিলাসবহুল বাড়ি ভাড়া দিয়ে কত আয় করছেন করিশ্মা কাপুর?

বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর গত এক বছরে ব্যক্তিগত জীবনে একাধিক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাঁর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর পরিবারকে ঘিরে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই অভিনেত্রী আবারও শিরোনামে উঠে এসেছেন মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর বিলাসবহুল বাড়ি ভাড়া দেওয়ার কারণে। ইতিমধ্যেই বাড়িটির ভাড়ার চুক্তি সম্পন্ন হয়েছে।

জানা গিয়েছে, বান্দ্রা ওয়েস্টের হিল রোডে অবস্থিত গ্র্যান্ড বে কন্ডোমিনিয়ামের এই বাড়ির মাসিক ভাড়া ৫.৫১ লক্ষ টাকা। সেই হিসাবে বছরে প্রায় ৬৬.১২ লক্ষ টাকা ভাড়া পাবেন করিশ্মা। এছাড়াও ভাড়াটিয়ারা নিরাপত্তা জামানত হিসেবে ২০ লক্ষ টাকা জমা দিয়েছেন। সমুদ্রের কাছাকাছি অবস্থিত এই বাড়িতে তিনটি গাড়ি রাখার ব্যবস্থা-সহ একাধিক আধুনিক সুবিধা রয়েছে।

বান্দ্রা মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা হিসেবে পরিচিত। এই এলাকায় বহু বলিউড তারকা এবং বিশিষ্ট ব্যবসায়ীর বাস। কার্টার রোড, ব্যান্ডস্ট্যান্ড এবং সমুদ্রতটের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলের আবাসনের চাহিদাও অনেক বেশি। সেই কারণেই করিশ্মার বাড়ির ভাড়ার পরিমাণও বেশ উল্লেখযোগ্য।

এটি অবশ্য প্রথমবার নয়। এর আগেও ২০২৩ সালে একই বাড়ি দুই বছরের জন্য ভাড়া দিয়েছিলেন করিশ্মা কাপুর। তখন মাসিক ভাড়া ছিল ৫ লক্ষ টাকা। সেই চুক্তি থেকে তিনি মোট ১.২৩ কোটি টাকা আয় করেছিলেন। এবার নতুন চুক্তিতে ভাড়ার পরিমাণ আরও কিছুটা বেড়েছে।

২০২৫ সালের জুন মাসে লন্ডনে করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু হয়। এরপর তাঁর সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে আইনি ও পারিবারিক জটিলতা তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেই সময় সন্তানদের ভবিষ্যৎ নিয়েও নানা আলোচনা সামনে আসে। তবে এসব বিষয়ে করিশ্মা কাপুর প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।