কলকাতা শহরের সৌন্দর্য নষ্ট করার প্রধান দোষীদের মধ্যে একটি হল যত্রতত্র ছুঁড়ে ফেলা পানের পিক। শহরের দর্শনীয় স্থান, সেতু, ফ্লাইওভার থেকে শুরু করে রেল স্টেশন বা মেট্রো – কোথাও যেন এই অভ্যাসের হাতছানি এড়ানো যায় না। প্রশাসনের পক্ষ থেকে জরিমানা ও শাস্তির ব্যবস্থা থাকলেও অনেক নাগরিক এখনও এই অসচেতন আচরণ থেকে বিরত হন না। শহরের দেওয়াল, সিঁড়ি বা ফ্লাইওভারের খুঁটি লাল পিকের দাগে ভর্তি হয়ে থাকে প্রতিদিন।
এই সমস্যা নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি তাঁর এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট শেয়ার করেন যেখানে মা ফ্লাইওভারের দুই দিক লাল পিকের দাগে নোংরা হয়ে থাকা দেখা যায়। ছবিগুলো দেখে স্বভাবতই তার ক্ষোভ শীর্ষে পৌঁছেছে। তিনি প্রশ্ন তোলেন কেন বারবার এমন আচরণ করা হবে এবং কেন নাগরিকত্বের ন্যূনতম দায়িত্ব পালন করা এত কঠিন।
মিমি লিখেছেন প্রশাসনের উপর সব দায় চাপানো খুব সহজ কিন্তু বাস্তবে পরিবর্তন আনতে হলে প্রত্যেকেরই দায়িত্ববোধ থাকা জরুরি। তিনি মনে করিয়ে দেন যে এটি কোনও কঠিন কাজ নয়, রকেট বিজ্ঞান তো নয়ই। একটু সচেতন হলেই শহরের চেহারা বদলে যেতে পারে। কলকাতা সবার গর্ব, তাই শহরের পরিচ্ছন্নতা রক্ষায় প্রত্যেকেরই অংশগ্রহণ প্রয়োজন।
অভিনয়ের দিক থেকেও এই বছর মিমি চক্রবর্তীর সময়টা বেশ ব্যস্ততায় কেটেছে। তাঁর অন্যতম আলোচিত ছবি রক্তবীজ ২ মুক্তির পর দর্শকের প্রশংসা তিনি পেয়েছেন যথেষ্ট। এই ছবিতে তাঁর অভিনয়ের পাশাপাশি বিকিনি লুকও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। পাশাপাশি তাঁর সিরিজ ডাইনি ও নজর কাড়ে দর্শকদের।
আরও পড়ুনঃ সারেগামাপা সেটে জোজোর আদীপ্তর জন্মদিন পালন! খুদের হাসিতে মেতে উঠলেন সবাই!
বছরের শেষে ইউন্ডোজের প্রযোজনায় ভানুপ্রিয়া ভূতের হোটেল মুক্তি পাওয়ার কথা থাকলেও একসঙ্গে বহু বাংলা ছবি মুক্তির জটিলতার কারণে ছবির সময়সূচি পিছিয়ে যায়। অবশেষে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহে ছবিটি মুক্তি পাবে বলে ঘোষণা হয়েছে। বুধবার প্রকাশ পেয়েছে ছবির প্রথম গান। মিমির সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত স্বস্তিকা দত্ত এবং সোহম মজুমদার। ২৩ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে পৌঁছবে।





