নিউইয়র্কের মেট গালাকে ঘিরে এবার সামনে এল কোটি টাকার গয়না হারানোর ঘটনা। ফ্যাশন স্টাইলিস্ট রিয়া কাপুরের টিমের সদস্য এবং মেকআপ আর্টিস্ট সভলীন সিংহ মুম্বইয়ের সহার থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের দু’জোড়া হিরের দুল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে।
মেট গালায় অংশ নিতে গত এপ্রিলের শেষে রিয়া কাপুর ও তাঁর টিম নিউইয়র্কে গিয়েছিলেন। অনুষ্ঠানের জন্য মুম্বইয়ের দুই গয়না প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে বিশেষ দুটি দুল ধার নেওয়া হয়েছিল। বিদেশ সফর শেষে সেগুলি নিরাপদে ফেরত দেওয়ার কথা থাকলেও দেশে ফেরার আগেই গয়নাগুলি হারিয়ে যায় বলে অভিযোগ।
সভলীন সিংহ জানিয়েছেন, গয়নাগুলি দুটি আলাদা বাক্সে রেখে তিনি নিজের হ্যান্ডব্যাগে বহন করছিলেন। ২৭ এপ্রিল রাতে মুম্বই থেকে এমিরেটসের বিমানে তাঁরা যাত্রা শুরু করেন। দুবাইয়ে ট্রানজিটের পর ২৮ এপ্রিল নিউইয়র্কে পৌঁছন রিয়া কাপুরের টিম। এই যাত্রাপথের কোনও এক সময়ে গয়নাগুলি নিখোঁজ হয়ে যায় বলে মনে করা হচ্ছে।
পুলিশের কাছে জমা দেওয়া তথ্য অনুযায়ী, হারিয়ে যাওয়া গয়নাগুলির মধ্যে একটি ছিল ১৮ ক্যারেট সোনা, হিরে এবং পান্না দিয়ে তৈরি দুল, যার মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা। অন্য দুলটিতে ছিল জাম্বিয়ান পান্না, সোনা এবং হিরের কাজ, যার দাম প্রায় ৬৯ লক্ষ টাকা। দুটি গয়নার মোট মূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ একেনবাবুর ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক প্রোফাইল! মহাবিপাকে অভিনেতা! সতর্কবার্তা অনির্বাণ চক্রবর্তীর!
মুম্বই ফিরে আসার পরই সহার থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা শুরু করেছে। তবে এখনও স্পষ্ট নয়, ঠিক কোথায় এই চুরি হয়েছে। মুম্বই বিমানবন্দর, বিমানের ভিতর, দুবাইয়ের ট্রানজিট এলাকা নাকি নিউইয়র্কে পৌঁছনোর পর গয়নাগুলি হারিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ এবং যাত্রাসংক্রান্ত তথ্যও পরীক্ষা করা হচ্ছে।





