স্টার জলসার পর্দায় সম্প্রতি শুরু হওয়া ধারাবাহিক চিরসখা ক্রমশ জমে উঠছে। একেবারে ভিন্ন স্বাদের এই গল্পে উঠে এসেছে সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন, বন্ধুত্ব ও বিশ্বাসঘাতকতার চিত্র। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায়। বহুদিন পর টেলিপর্দায় ফিরে দর্শকদের মন জয় করেছেন অপরাজিতা। প্রযোজনা এবং গল্পের রচনায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায়।
চিরসখা ধারাবাহিকের মূল কাহিনি আবর্তিত হয়েছে কমলিনী ও স্বতন্ত্রের বন্ধুত্বকে কেন্দ্র করে। কমলিনী একজন সাধারণ ঘরের বিধবা, যিনি একাই বড় করেছেন নিজের তিন সন্তানকে। তার স্বামী চন্দ্র দীর্ঘ কুড়ি বছর আগে নিখোঁজ হয়ে যান, এবং সবাই ধরে নেয় তিনি মৃত। এই সময়ে কমলিনীর জীবনে একমাত্র ভরসা হয়ে ওঠেন তার বন্ধু স্বতন্ত্র। তাদের মধ্যে রয়েছে গভীর বন্ধন, ভালোবাসা ও সম্মান—যা সমাজের চোখে আজও গ্রহণযোগ্য নয়।
তবে গল্পে নতুন মোড় এসেছে চন্দ্রের প্রত্যাবর্তনে। হঠাৎই ফিরে এসে সে দাবি করে, গত কুড়ি বছর সে স্মৃতি হারিয়ে হোমে ছিল। কিন্তু পরে জানা যায়, এই সময় সে এক মহিলার সঙ্গে সংসার করছিল এবং তাদের একটি মেয়েও রয়েছে। সব জেনেও চুপ ছিলেন কমলিনী, শুধু পরিবারের শান্তির জন্য।
সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিওতে দেখা গেছে, চন্দ্রের মায়ের গয়না চুরির ঘটনা নিয়ে তোলপাড় বাড়ি। পুলিশ এসে তদন্ত শুরু করে এবং কমলিনী সন্দেহ প্রকাশ করেন তার স্বামী চন্দ্রের দিকেই। চন্দ্রের উদ্দেশ্য যে শুধুই সম্পত্তির লোভ, তা আঁচ করতে পেরে পুলিশকে জানান কমলিনী।
কিন্তু চরম বিপদের মুখে পড়েন তিনিই। চন্দ্র তার মায়ের গয়না চুরি করে লুকিয়ে রাখে কমলিনীর ঘরে, যাতে দোষ তার ঘাড়েই পড়ে। পুলিশ সেই গয়না কমলিনীর ঘরে পেয়ে তাকে গ্রেপ্তার করে। চন্দ্রের এমন নোংরা ষড়যন্ত্রে ফেঁসে যান কমলিনী।
এবার বড় প্রশ্ন—কমলিনীর পাশে দাঁড়িয়ে তাকে এই ষড়যন্ত্র থেকে মুক্তি দিতে পারবে কি তার চিরসখা, স্বতন্ত্র? বন্ধুত্বের এই কঠিন পরীক্ষার ফলই ঠিক করবে পরবর্তী পর্বের মোড়।
আরও পড়ুনঃ **‘এ কাকে নিয়ে এলাম!’ — চুমকি চৌধুরীর অভিনয় দেখে বিরক্ত হয়েছিলেন পরিচালক! সকলের সামনে অপমান করেছিলেন অভিনেত্রীকে!
দর্শকদের জন্য অপেক্ষা এখন চরম উত্তেজনার—চন্দ্রের মুখোশ খুলবে কবে? কমলিনী কি ফিরে পাবে নিজের সম্মান?





