শতদ্রু ও পরাগের বিয়ের পর বদলে যাবে শিমুলের জীবন! শিমুলের নতুন নায়ক আনছে ‘কার কাছে কই মনের কথা!

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha) ধারাবাহিক এবার আনতে চলেছে মোড় ঘোরানো বিশেষ পর্ব। বেশ কয়েকদিন ধরেই জমজমাট পর্ব দেখে সন্তুষ্ট দর্শক। যদিও সাসপেন্স এখনও বাকি! শিমুলের জীবনে আসতে চলেছে বড়সড় বদল। পরাগ ও শতদ্রুর বিয়ের পরই নতুন নায়ক পেতে চলেছে শিমুল! এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। কিন্তু কে হবে সেই নায়ক? কানাঘুষো শুরু হলো দর্শক মহলে।

অতি সম্প্রতি ধারাবাহিকে একগুচ্ছ ট্যুইস্ট এনেছে চ্যানেল কর্তৃপক্ষ। বিয়ের পিঁড়িতে বসেছে শিমুলের প্রাক্তন স্বামী পরাগ। অন্যদিকে, পরাগের সঙ্গে ডিভোর্সের পরই নিজের ভিত শক্ত করতে লড়ে চলেছে শিমুল। এখন সে নতুন সম্পর্ক চায়না। বদলে শাশুড়ি ও পুতুলদির খেয়াল রাখতে চায় ও নিজেকে স্বাবলম্বী করে তুলতে চায়। কিন্তু এসবের ফাঁকতালেই সম্পন্ন হয়েছে পরাগ-প্রিয়ার আশীর্বাদ।

আরো পড়ুন: জিতের ছেলেকে দেখেছেন? মকর সংক্রান্তির পুণ্যলগ্নে একরত্তিকে প্রকাশ্যে আনলেন অভিনেতা জানালেন নামও!

অন্যদিকে শতদ্রুর সঙ্গে সম্পর্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে শিমুল। শতদ্রু যাতে নিজের জীবন গুছিয়ে নেয় তার অনুরোধ করেছে সে। যা বোঝা যাচ্ছে, শতদ্রুরও বিয়ে হবে শীঘ্রই। অতএব শিমুলের জীবনে এখন কোনো নায়ক থাকছে না। এদিকে, আরেক ট্যুইস্ট হলো ধারাবাহিকে মাস্টারমশাইয়ের আগমন। পুতুলদির জন্য শিমুল যে মাস্টারকে ঘরে এনেছে তার সঙ্গে সম্পর্ক ছিল শিমুলের দেওর পলাশের স্ত্রী প্রতীক্ষার!

বেশ বোঝা যাচ্ছে, মাস্টারমশাইয়ের সঙ্গেই পরে বিয়ে হবে পুতুলদির। অর্থাৎ প্রতীক্ষার প্রাক্তন হবে পুতুলদির স্বামী। আর ততদিন পর্যন্ত সমান্তরাল একটি ট্র্যাক চলবে মাস্টার ও প্রতীক্ষার মধ্যে। এর মধ্যে দর্শকদের মন কেড়েছে মধুবালা দেবীর পরিবর্তন। শিমুলের প্রতিটি সিদ্ধান্তে তাকে সঙ্গ দিচ্ছেন তিনি।প্রকৃত অর্থে মা ও মেয়ে হয়ে উঠেছেন শিমুল ও তাঁর ‘প্রাক্তন’ শাশুড়ি। যা ধারাবাহিকের টিআরপি আরও বাড়িয়ে দিচ্ছে বলেই মত দর্শক মহলের।

তবে সবচেয়ে বড় চমক আসতে চলেছে শিমুলের জীবনে। মনে করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই নতুন নায়ক আসতে চলেছে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে। প্রথম থেকে এখনও পর্যন্ত নায়কের নাম প্রকাশ করেনি জি বাংলা। মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছিল শিমুলকেই। তবে এবার হয়ত নায়িকার জীবন সংগ্রামে তাঁর পাশে আসবে তাঁর আসল নায়ক। আর সেই ভূমিকায় কে থাকবে, তা জানার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা।