এইবার জলসার পর্দায় সব্যসাচী-মানালির জুটি! নতুন মেগা ঘিরে উত্তেজনা তুঙ্গে! প্রকাশ্যে নতুন প্রোমো!

দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) ও মানালি দে (Manali Dey)। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘সংসার সংকীর্তন’-এর প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। এই মেগায় তাঁদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন শুভাশীষ মুখার্জি (Subhashish Mukherjee) ও পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), ফলে শুরু থেকেই চমকের ইঙ্গিত মিলছে।

প্রোমোতে দেখা যায় কনের সাজে মানালির চরিত্রকে, যাকে সাদরে বরণ করে নিচ্ছেন শ্বশুরের ভূমিকায় শুভাশিষ। তবে দৃশ্যটি হঠাৎই বদলে যায়, যখন চলন্ত গাড়িতে ঘুম ভেঙে যায় মানালির। সেখানে তাঁর পাশে বর সেজে বসে আছেন সব্যসাচী। চশমা ও সাদামাটা লুকে তাঁর উপস্থিতি চরিত্রটিকে আরও আলাদা করে তুলেছে।

গল্পে দেখা যায়, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া নিয়ে কিছুটা চিন্তিত নায়িকা। তিনি প্রশ্ন তোলেন, এত বড় যৌথ পরিবারে তিনি মানিয়ে নিতে পারবেন কি না। উত্তরে নায়ক তাঁকে সাহস জোগায়। অন্যদিকে বাড়িতে চলছে আলাদা টানাপোড়েন, যেখানে শ্বশুর প্রথমে এই বিয়ে মেনে নিতে নারাজ হলেও পরিবারের অন্য সদস্যদের মনোভাব একেবারেই ভিন্ন।

প্রোমোর অন্যতম আকর্ষণীয় অংশ হল নতুন বউয়ের আগমন দৃশ্য। যেখানে প্রচলিত বরণডালার বদলে শ্বশুর হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন, যা গল্পে এক অন্যরকম মোড় আনে। এই দৃশ্য থেকেই বোঝা যাচ্ছে, পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি মজার এবং নাটকীয় মুহূর্তে ভরপুর হতে চলেছে এই ধারাবাহিক।

প্রোমো প্রকাশের পর থেকেই সমাজমাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া চোখে পড়ার মতো। অনেকেই গল্পের নতুনত্ব এবং চরিত্রদের কেমিস্ট্রি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ আবার পুরনো জনপ্রিয় ধারাবাহিকের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। সব মিলিয়ে ‘সংসার সংকীর্তন’ শুরু হওয়ার আগেই দর্শকদের আগ্রহ অনেকটাই বেড়ে গেছে।