বলিউড মানেই গ্ল্যামার, ঝলক আর তুমুল প্রতিযোগিতা। তার মধ্যেই হঠাৎ তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন রাখি সাওয়ন্ত। দীর্ঘদিন ধরেই বিতর্ক যেন তাঁকে অনুসরণ করে চলে, আর এবার তাঁর নিশানায় দক্ষিণী তারকা তমন্না ভাটিয়া। সম্প্রতি ওটিটি-তে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ সিরিজের গফুর গানটি ঘিরে তোলপাড় গোটা দেশ। সেই গানে তমন্নার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে অনেকে তাঁকে ইতিমধ্যেই ‘আইটেম ডান্সের রানি’ বলছেন। কিন্তু এই উচ্ছ্বাস একেবারেই মেনে নিতে পারছেন না রাখি সাওয়ন্ত।
একসময় বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল ছিলেন রাখি। তাঁর মত অনুযায়ী, আজকের অভিনেত্রীরা তাঁর জায়গা দখল করে নিয়েছেন। এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করে রাখি বলেন, “আজ যারা আইটেম ডান্স করে তারাই আগে নায়িকা হতে চাইত। সময় চলে যাওয়ার পর তারা আমাদের পেটে লাথি মেরে আইটেম গান শুরু করেছে।” তিনি আরও যোগ করেন, “তমন্না বা এদের কারও নাচে সেই আগুন নেই। আমাদের সময় আইটেম গানের আলাদা মর্যাদা ছিল। আমরা নিজের পরিশ্রমে জায়গা তৈরি করেছিলাম, আর আজ তারা সেটাই কাজে লাগাচ্ছে।” তাঁর কথায় স্পষ্ট ক্ষোভ, “আমি যদি ওদের মতো নাচি, তাহলে আমি নায়িকাই হব।”
রাখির অভিযোগ শুধু তমন্না-কে কেন্দ্র করেই থেমে থাকেনি। তিনি নাম টেনে আক্রমণ করেছেন নোরা ফতেহি, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, করিনা কপূর খান থেকে রশ্মিকা মন্দানা—কারওকেই ছাড়েননি। তাঁর মতে, তাঁরা নকল করে শিখেছেন আইটেম নাচ, অথচ আজ তাঁরা বলিউডে আরও বেশি সম্মান আর জায়গা পাচ্ছেন। রাখির ভাষায়, “এরা সবাই আমাদের থেকে শিখেছে। আজ আমাদের জায়গা নিয়ে ওরাই রাজনীতি করছে। কিন্তু আসল আইটেম গার্ল আমিই।”
অন্যদিকে তমন্না ভাটিয়ার প্রতি রাখির এই মন্তব্যকে অনেকেই অযৌক্তিক বলছেন। আজ কি রাত, কাবালা, গফুর—এসব আইটেম গানে তমন্নার পারফরম্যান্স রীতিমতো ট্রেন্ড তৈরি করেছে। তমন্নাকে ঘিরে আরেকটি বড় আলোচনার কারণ হল তাঁর দেহভঙ্গি। বলিউডে ‘জিরো ফিগার’ সংস্কৃতি যখন একসময় একচ্ছত্র রাজত্ব করেছে, তখন সৌন্দর্যের সেই ছক ভেঙেছিলেন তমন্না। তিনি প্রমাণ করেছেন, নাচ বা অভিনয়ের জন্য ‘চিকন কোমর’ বা ‘ফাটাফাটি অ্যাবস’ থাকা বাধ্যতামূলক নয়। সাধারণ গঠন, পরিপক্ব শরীর নিয়েও তিনি সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন। এক অনুষ্ঠানে এক মহিলা দর্শক তাঁকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন—শুধুমাত্র নিজের শরীর ও প্রতিভাকে স্বাভাবিকভাবে গ্রহণ করার সাহস দেখানোর জন্য।
আরও পড়ুনঃ ‘শ্যামবর্ণা মানেই অধিকারহীন নয়, লড়াই করলে পথ খুলে যায়’- দেবের বোন থেকে দেবের নায়িকা! তাচ্ছিল্যকে তোয়াক্কা না করে সফলতার শীর্ষে পাওলি দাম!
এই বিতর্কের মাঝেই স্পষ্ট, বলিউডে আইটেম ডান্স নিয়ে লড়াই যেন কখনোই থামে না। আজকের দুনিয়ায় দর্শকরা যখন প্রতিভা ও পরিশ্রমকে গুরুত্ব দিচ্ছেন, তখন নিজেদের জায়গা হারানোর ভয় থেকেও অনেকেই হয়তো এমন মন্তব্য করেন। তবে প্রশ্ন রয়ে যায়—রাখি সাওয়ন্তের এই কটাক্ষ কি সত্যিই যুক্তিযুক্ত? নাকি এটা তাঁর পুরনো জনপ্রিয়তাকে টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা? এই বিতর্কে তমন্না এখনও মুখ খোলেননি। কিন্তু বলিউডে তাঁর অবস্থান, জনপ্রিয়তা আর কাজ সবকিছুর প্রমাণ দেয় যে নীরব থেকেও জয় করা যায় একেকটা লড়াই।





