“আর মাত্র কয়েক দিনের অপেক্ষা!” নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে অহনা, খুশির মুহূর্তেও ট্রোলের শিকার! কী বললেন অভিনেত্রী?

আর মাত্র কিছুদিন, তার পরেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। মা হতে চলেছেন তিনি। আগস্ট মাসেই আসতে চলেছে নতুন অতিথি। স্বামী দীপঙ্কর রায় এবং অহনা দু’জনেই দিন গুনছেন সেই বহুকাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য।

এমন খুশির সময়ও থেমে নেই অহনার ব্যস্ততা। সদ্য পোস্ট করা এক ভিডিওতে দেখা গেল, শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে নেমে পড়েছেন অভিনেত্রী। সন্তানের আগমনের আগে কী কী লাগবে— তা নিয়ে শুরু হয়েছে জোরকদমে কেনাকাটা। ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট ছোট জামাকাপড় বেছে নিচ্ছেন অহনা, সেই চেনা মমত্বভরা হাসি মুখে।

অহনা জানালেন, “মোটামুটি একটা চিন্তাভাবনা করেই কিনছি। এটা বেবির জন্য আমাদের প্রথম শপিং, খুব ভালো লাগছে। ছেলে না মেয়ে সেটা আমরা জানি না, তবে কিছু একটা আন্দাজ করেই এগোচ্ছি। অনেকে বলেন, আগে থেকে কেনা উচিত নয়। কিন্তু আমরা কিছু কিছু টুকটাক জিনিস নিয়ে রাখছি। তবে এখনই সব দেখাব না!”

এই ভিডিও ঘিরেই শুরু হয় নতুন করে আলোচনা। কারণ, অনেকের ধারণা সন্তানের জন্মের আগে কিছু কেনাকাটা ‘অশুভ’। এই প্রসঙ্গে অহনার একেবারে সোজাসাপটা বক্তব্য— “ধুর! ওসব কিছু হয় না।” তিনি আরও জানান, এখনই খুব বেশি কিছু কেনা হয়নি। শুধু হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় যে পোশাকটি পড়ানো হবে, সেটিই আপাতত তোলা হয়েছে।

এই সময়টা একেবারে নিজের মতো করে উপভোগ করছেন অহনা। রান্না, গান, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো— সব মিলিয়ে মাতৃত্বকালীন ছুটি যেন এক বিশেষ উৎসবে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক রিল পোস্ট করছেন, কখনও স্বামীর সঙ্গে তাল মিলিয়ে নাচ, কখনও আবার নিজের হাতের রান্না দেখিয়ে নিচ্ছেন অনুরাগীদের।

তবে, এত আনন্দের মধ্যেও অহনা একরাশ মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। আসন্ন অস্ত্রোপচার নিয়ে বেশ নার্ভাস অনুভব করছেন তিনি। “দিন যত এগোচ্ছে, অপারেশন থিয়েটারের ভয়টা যেন আরও বাড়ছে,” বললেন তিনি নিজেই। কিন্তু সেই ভয়কে সরিয়ে রেখে প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তুলতে চান অহনা।

এই খুশির সময়েও কিছু মানুষের মন্তব্য বিষ ঢেলেছে অহনার জীবনে। কিছুদিন আগে তিনি নাচের একটি রিল শেয়ার করেছিলেন, যেখানে তিনি ছিলেন স্ফীতোদর। সেই ভিডিও নিয়েই শুরু হয় কটাক্ষ। অনেকেই বলেন, গর্ভবতী অবস্থায় নাচ একেবারেই ঠিক নয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান অহনা। “আবার প্রমাণিত, মেয়েরাই অন্য মেয়েদের ভালো সহ্য করতে পারে না। কেউ ভাবল না, আমি একা হাতে সবটা কীভাবে সামলাচ্ছি!”

হ্যাঁ, বাস্তবেই একাই লড়ছেন তিনি। মায়ের সঙ্গে সম্পর্ক নেই, শাশুড়িও বহুদিন আগেই প্রয়াত। স্বামী দীপঙ্কর পাশে থাকলেও পেশাগত কারণে বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হয় তাঁকে। তাই দিনের একটা বড় অংশ একাই সামলাচ্ছেন অহনা।

আরও পড়ুনঃ এবার দেবের সঙ্গে বড়পর্দায় সোহিনী বন্দ্যোপাধ্যায়? দেবের সঙ্গে লন্ডনে একফ্রেমে ধরা দিলেন ‘উড়ন তুবড়ি’র নায়িকা!

তবে সব বাধা পেরিয়ে, সমাজের সমালোচনাকে পেছনে ফেলে সাহসের সঙ্গে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত এই সাহসী অভিনেত্রী। তাঁর কথায়, “ভবিষ্যতে বাচ্চার জন্য অনেক কিছু করার ইচ্ছে আছে, তবে সবটাই ধাপে ধাপে করব। আপাতত প্রতিটা মুহূর্ত প্রাণ ভরে উপভোগ করতে চাই।”

অহনার সাহস, স্পষ্টভাষী মনোভাব আর অনাবিল খুশির এই যাত্রা নিঃসন্দেহে অনুপ্রেরণার। নতুন জীবনের সূচনায় রইল অনেক শুভেচ্ছা!