গ্রেফতার হতে চলেছেন অঙ্কুশ? অবৈধ বেটিং অ্যাপ কাণ্ডে নাম উঠল অঙ্কুশ হাজরার! ইডির সমন টলিউডে চাঞ্চল্য

টলিউডের জনপ্রিয় অভিনেতা-প্রযোজক এবং টেলিভিশনের পরিচিত মুখ অঙ্কুশ হাজরার নাম এ বার জড়াল বড়সড় বিতর্কে। খবর, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হঠাৎ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সিনেদুনিয়ায়। গুঞ্জন, পুজোর আগেই হাজিরা দেওয়ার নির্দেশ গিয়েছে অঙ্কুশের কাছে।

প্রসঙ্গত, মাসখানেক আগেই ইডি এই বেটিং অ্যাপ কাণ্ডে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল। সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী, কৌতুকশিল্পী কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডা-সহ একাধিক নামজাদা সেলিব্রিটি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ওই অ্যাপগুলির প্রচারের বিনিময়ে তাঁরা মোটা অঙ্কের আর্থিক সুবিধা পেয়েছিলেন। তদন্তকারীদের দাবি, বেটিং অ্যাপের মাধ্যমে কয়েকশো কোটি টাকা অবৈধভাবে লেনদেন হয়েছে এবং সেই টাকা হাওয়ালার মাধ্যমে ঘোরানো হয়েছে।

অভিযোগ উঠছে, এবার সেই একই মামলায় নতুন সংযোজন অঙ্কুশ হাজরার নাম। টলিউড থেকে এখনও পর্যন্ত কারও নাম না জড়ালেও অঙ্কুশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনিই হবেন প্রথম। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছে—টলিউডেও কি এবার বেটিং কাণ্ডের ছায়া পড়তে চলেছে?

এদিকে অঙ্কুশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। এমনকি অভিনেতার দীর্ঘদিনের সঙ্গী ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের ফোনও বেজে গিয়েছে বলে জানা যাচ্ছে। এতে আরও বাড়ছে জল্পনা। যদিও, ঠিক কী কারণে অঙ্কুশকে সমন পাঠানো হয়েছে, সে বিষয়ে ইডি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

অভিনেতা হিসেবে জনপ্রিয়তা, প্রযোজক হিসেবে নিজের পরিচিতি তৈরি—সব মিলিয়ে টলিউডে বেশ ভাল অবস্থানে রয়েছেন অঙ্কুশ। তাই হঠাৎ এমন অভিযোগে ভক্তরা অবাক। এখন দেখার, তদন্তে কী বেরিয়ে আসে এবং সত্যিই কি টলিউডের প্রথম নাম হিসেবে অঙ্কুশ হাজরা এই বেটিং মামলায় অভিযুক্ত হন, নাকি সবটাই নিছক গুঞ্জন।