শুটিং দেখতে ভিড়! তাতেই নষ্ট থ্রিল! মজার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ভাস্বর চট্টোপাধ্যায়!

আউটডোর শুটিং মানেই চারপাশে উৎসাহী মানুষের ভিড়। কোনও গ্রাম হোক বা শহরের ব্যস্ত রাস্তা, কাছ থেকে প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের দেখার সুযোগ হাতছাড়া করতে চান না কেউই। তবে এই অতিরিক্ত ভিড় যে অনেক সময় শুটিংয়ের বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, সেই অভিজ্ঞতার কথাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

নিজের পোস্টে ভাস্বর জানান, সেন্সর বোর্ডে থাকার সময় তিনি একবার একটি মার্ডার মিস্ট্রি ছবি দেখেছিলেন। সেখানে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে নায়ককে খুন করা হচ্ছে। কিন্তু দৃশ্যটি দেখে তিনি অবাক হয়ে যান। কারণ খুনের সেই মুহূর্তে অভিনেতাদের চারপাশে দাঁড়িয়ে ছিল প্রচুর সাধারণ মানুষ, যারা পুরো শুটিংটাই সামনে থেকে দেখছিলেন।

অভিনেতার কথায়, ছবির মূল রহস্য এবং উত্তেজনার জায়গাটাই যেন নষ্ট হয়ে গিয়েছিল। পরে পরিচালককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বহুবার লোকজনকে সরে যেতে বলা হলেও কেউ কথা শোনেননি। ফলে বাধ্য হয়েই সেই পরিস্থিতির মধ্যেই শুটিং শেষ করতে হয়েছিল তাঁদের।

ভাস্বরের এই পোস্ট সামনে আসতেই সমাজমাধ্যমে অনেকেই মজার মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, বিষয়টি শুনতে হাস্যকর লাগলেও পরিচালকের জন্য নিশ্চয়ই সেটা খুব কঠিন পরিস্থিতি ছিল। আবার অনেকেই বলেছেন, আউটডোর শুটিংয়ে এই ধরনের সমস্যার মুখে প্রায়ই পড়তে হয় নির্মাতাদের।

অভিনেতা যদিও সেই ছবির নাম প্রকাশ করেননি। এমনকি শেষ পর্যন্ত ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছিল কি না, সেই বিষয়েও কিছু জানাননি তিনি। তবে তাঁর এই অভিজ্ঞতা ঘিরে এখন নেটপাড়ায় বেশ আলোচনা শুরু হয়েছে। শুটিং সেটের অজানা বাস্তবের এই গল্প অনেকেরই নজর কেড়েছে।