কলকাতার ২৮তম চলচ্চিত্র উৎসব নিয়ে এখন জোর বিতর্ক। টলিউড থেকে বলিউড—সবাইকে দেখা গেল সেই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে। অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, শাহরুখ খান, রানী মুখার্জী একে একে মঞ্চে উঠে আলো কেড়েছেন। অথচ অবাক করার মতো বিষয়, বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তীকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাংলা সিনেমায় এত বড় অবদান রাখা এক অভিনেতাকে কেন এমনভাবে অবহেলা করা হল?
শোনা যাচ্ছে, মিঠুনের কাছে কোনও আমন্ত্রণপত্রই যায়নি। যদিও আয়োজকদের একাংশের দাবি, চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু সেই চিঠি কোথায় গেল, বা আদৌ সঠিক ঠিকানায় পাঠানো হয়েছিল কিনা, তা স্পষ্ট করে বলতে পারছেন না কেউই। বিষয়টি সামনে আসতেই টলিউডের বহু শিল্পীর মনে ক্ষোভ জমেছে। তাদের মধ্যে অন্যতম দেবশ্রী রায়।

বুধবার মধ্যমগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবশ্রী সরাসরি বলেন, মিঠুন চক্রবর্তীকে না ডাকা একটা অন্যায়। তার কথায়, “মিঠুনদা আমার সহশিল্পী। শিল্পী হিসেবে আমি তাকে সম্মান করি, ভালোবাসি। আমরা অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি। শিল্পীর প্রাপ্য সম্মান তাকে দেওয়া হয়নি।” তিনি আরও জানান, রাজনীতি দেখে শিল্পীদের আলাদা করা উচিত নয়। উৎসব মানে সবার জন্য সমান জায়গা।
রাজনীতির রং যে এখানে বড় ভূমিকা নিয়েছে, সেই ইঙ্গিতও স্পষ্ট। বর্তমানে মিঠুন বিজেপির রাজ্য কোর কমিটির সদস্য। তাই শাসক দলের তরফে তাকে ইচ্ছে করে এড়িয়ে যাওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। যদিও মিঠুন নিজে এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। কিন্তু তার অনুপস্থিতি ঘিরে রাজ্যে আলোচনা তুঙ্গে।
আরও পড়ুনঃ কন্ঠে কোন নিজস্বতা নেই, সবাই নকল করতে ব্যস্ত! গান নয়, এখন সাজগোজেই জোর! চলতি সময়ের রিয়েলিটি শো দেখে ক্ষুব্ধ শুভমিতা
মজার বিষয়, দেবশ্রী রায়কেও এ বছর উদ্বোধনী মঞ্চে দেখা যায়নি। যদিও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কেন যাননি? তার স্পষ্ট উত্তর, “যেখানে আমি যোগ্য সম্মান পাই না, সেখানে আমি যাই না।” ফলে মিঠুনকে আমন্ত্রণ না জানানো নিয়ে যে ক্ষোভ শুরু হয়েছিল, তাতে নতুন মাত্রা যোগ করেছেন দেবশ্রী। এখন দেখার বিষয়, এই বিতর্কে আয়োজক কমিটি কীভাবে জবাব দেয়।





