সায়ন্তর সঙ্গে এখনও রয়েছে সম্পর্ক? রেগে গিয়ে কিরণের সঙ্গে বন্ধুত্বে ইতি টানলেন দেবচন্দ্রিমা?

অভিনেতা সায়ন্ত মোদক ও কিরণ মজুমদারের ব্রেকআপের পর ফের চর্চায় উঠে এসেছিলেন কিরণ। দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর কিরণের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে সায়ন্তর। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছিলেন দুজনে। ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতেও একসঙ্গে দেখা যেত তাদের।

এরপর হঠাৎ এক ভিডিও বার্তায় বিচ্ছেদের কথা জানান সায়ন্ত। পাল্টা কিরণ-ও একটি ভিডিও বানিয়ে পুরো ঘটনা স্পষ্ট করেন। সেখানেই দেবচন্দ্রিমার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন কিরণ। সেই ঘটনার পরেই দেবচন্দ্রিমা ও কিরণের পরিচয় হয়। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে দু’জনের মধ্যে। সোশ্যাল মিডিয়াতে ও ইউটিউব ভিডিওতে একসঙ্গে দেখা যেত তাদের। এমনকি পাহাড়ে একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন তারা। অল্প সময়েই তৈরি হয়েছিল বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব।

তবে হালফিলে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, সেই বন্ধুত্বে নাকি এবার ভাঙন ধরেছে। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পেজে এক নেটিজেন জানান, ‘‘দেবচন্দ্রিমা ও কিরণ মজুমদারের বন্ধুত্বে ছেদ পড়েছে। মাসখানেক আগে যাদের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ, হঠাৎ করেই ছন্দপতন ঘটেছে। দেবচন্দ্রিমা কিরণকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন এবং নিজের ইউটিউব চ্যানেল থেকেও কিরণকে নিয়ে থাকা সমস্ত ভিডিও মুছে ফেলেছেন।’’

জল্পনা বাড়িয়েছে এই তথ্য, কারণ অনেকেই বলছেন— কিরণের কিছু আচরণেই নাকি বিরক্ত হয়েছেন দেবচন্দ্রিমা। তবে এই খবরের কতটা সত্যতা রয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। দুজনের কেউই এই নিয়ে মুখ খোলেননি। দেবচন্দ্রিমা এখন ব্যস্ত নিজের কাজ নিয়ে। ঠিক কী ঘটেছে, তা জানতে আপাতত অপেক্ষাতেই দর্শক।