ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ দিব্যাণী মন্ডল খুব অল্প সময়েই দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। ফুলকি ধারাবাহিকে তাঁর অভিনয় তাঁকে এনে দিয়েছে বিপুল জনপ্রিয়তা এবং আলাদা পরিচিতি। সেই ধারাবাহিক শেষ হওয়ার আগেই শোনা গিয়েছিল, বড় পর্দায় পা রাখতে চলেছেন তিনি, তাও আবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে। ঠিক সেই সময়েই অনুরাগীদের জন্য এল আরও বড় চমক। এবার ছোটপর্দা আর বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও দেখা যেতে চলেছে দিব্যাণীকে।
খবর অনুযায়ী, একটি নতুন ওয়েব সিরিজে অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দিব্যাণী। এই সিরিজে তিনি থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে প্যারালাল লিড হিসেবে। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই সিরিজে দিব্যাণী অভিনয় করবেন শ্রাবন্তীর নাতনির চরিত্রে। বিষয়টি শুনতে কিছুটা অপ্রত্যাশিত হলেও গল্পের প্রয়োজনে এই চরিত্রই নাকি সিরিজের অন্যতম আবেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে মনে করছেন নির্মাতারা।
সোমবার নতুন বছরের শুরুতেই হইচই একাধিক নতুন ওয়েব সিরিজের ঘোষণা করে। সেই তালিকায় অন্যতম আকর্ষণ শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত নতুন সিরিজ ঠাকুমার ঝুলি। সিরিজটি মূলত ঠাকুমা ও নাতনির সম্পর্ককে কেন্দ্র করেই এগোবে। শ্রাবন্তী নিজেই জানান, তিনি এখানে ঠাকুমার ভূমিকায় থাকছেন। তখন নাতনির চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে কিছু জানাননি। পরে জানা যায়, সেই চরিত্রেই দেখা যাবে দিব্যাণী মন্ডলকে। সিরিজটির পরিচালনায় রয়েছেন অয়ন চক্রবর্তী।
এই নতুন কাজ নিয়ে আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে দিব্যাণী জানান, তিনি নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করছেন। একের পর এক কাজের সুযোগ পাওয়ার পাশাপাশি প্রতিটি চরিত্রই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হওয়ায় তিনি ভীষণ খুশি। শ্রাবন্তীকে পর্দার ঠাকুমা হিসেবে পেয়ে তিনি আপ্লুত। তাঁর কথায়, এত মিষ্টি ও স্নেহশীল ঠাকুমা পেয়ে কাজ করাটা তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা।
আরও পড়ুনঃ ‘এরকম মুখ নিয়ে কেউ…’ ধর্মেন্দ্রকে হারিয়ে বারংবার বিতর্কের মুখে হেমা মালিনী! অভিনেত্রীর মুখভঙ্গি ঘিরে প্রশ্ন নেটিজেনদের!
শ্রাবন্তীর সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে দিব্যাণী বলেন, প্রথমবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হয়েছিল তাঁদের। পরে লুক সেটে আলাপ জমে ওঠে। সেই প্রথম কথোপকথন আজও তাঁর মনে গেঁথে রয়েছে। আপাতত সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি এম্পারর ভার্সেস শরৎচন্দ্র ছবির শুটিং শুরু করেছেন তিনি। সেই কাজ শেষ করেই পুরো মনোযোগ দেবেন এই ওয়েব সিরিজের শুটিংয়ে। ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে চলেছেন দিব্যাণী, আর অনুরাগীদের উত্তেজনাও বাড়ছে প্রতিদিন।





