অভিনেতা হানি বাফনা ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালেই রাখতে পছন্দ করেন। টেলিভিশনের পরিচিত মুখ হলেও খুব সীমিত সংখ্যক মানুষের সঙ্গেই তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ইচ্ছে করে সবার সঙ্গে বন্ধুত্ব করার মানসিকতা তাঁর নেই। সম্পর্ক তৈরি হওয়া উচিত স্বাভাবিকভাবে, এমনটাই বিশ্বাস তাঁর।
বন্ধুত্ব নিয়ে নিজের ভাবনা প্রকাশ করতে গিয়ে হানি বলেন, কোনও মানুষের সঙ্গে জোর করে সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন নেই। তাঁর মতে, সত্যিকারের বন্ধুত্ব নিজে থেকেই তৈরি হয়। কারও সঙ্গে কথা বলতে বা সময় কাটাতে ভালো লাগলে তবেই তিনি মেশেন, না হলে দূরত্ব বজায় রাখতেই স্বচ্ছন্দ বোধ করেন।

অভিনেতার কথায়, জীবনে যাঁদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তা সবই স্বাভাবিকভাবে হয়েছে। কোনও সম্পর্কই তিনি জোর করে তৈরি করেননি। আর সেই কারণেই আজও সেই বন্ধুত্বগুলো টিকে রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিকতা ও আন্তরিকতাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
হানি আরও জানান, তিনি কখনওই সবার কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত হওয়ার চেষ্টা করেন না। কেউ তাঁকে পছন্দ করুক বা শুধুমাত্র সৌজন্যের খাতিরে কথা বলুক, এমন প্রত্যাশাও তাঁর নেই। নিজের মতো থাকতেই তিনি বেশি স্বচ্ছন্দ এবং সেই জীবনধারাই অনুসরণ করেন।
আরও পড়ুনঃ ‘না পড়ে হুট করে চলে এলেই অভিনেতা হওয়া যায় না!’ ‘মোবাইলে বন্দি জীবন, অশিক্ষাকে প্রশ্রয়!’ নতুন প্রজন্মকে কড়া খোঁচা অভিনেত্রী ঋতা দত্ত চক্রবর্তীর!
বর্তমানে হানি বাফনাকে দেখা যাচ্ছে ‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকে বিনায়ক চরিত্রে। গল্প অনুযায়ী, সম্প্রতি বিনায়কের বিয়ে হয়েছে এবং ধীরে ধীরে বাবলির প্রতি তাঁর টান তৈরি হচ্ছে। আগামী পর্বগুলোতে এই সম্পর্ক পরিবারের সদস্যরা কীভাবে গ্রহণ করেন, তা নিয়েই এগোবে ধারাবাহিকের কাহিনি।





