কিরণ-সায়ন্ত-দেবচন্দ্রিমা ত্রিকোণ সম্পর্কের জট! ফের সায়ন্তর ঘনিষ্ঠতায় কিরণ? দেবচন্দ্রিমা কি তাই রেগে গেলেন? ভাইরাল কিরণের পোস্টে ঘুরপাক দিচ্ছে জল্পনা

টলিপাড়ার সাম্প্রতিক ত্রিকোণ বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া—কিরণ মজুমদার, সায়ন্ত মোদক ও দেবচন্দ্রিমা সিংহ রায়ের সম্পর্ক ঘিরে একের পর এক চমক। কিছু মাস আগেই প্রকাশ্যে এসেছিল কিরণ ও সায়ন্তর তিক্ত বিচ্ছেদ। একে-অপরকে দোষারোপ করে বানানো ভিডিয়ো ঘুরতে থাকে নেটদুনিয়ায়। এই পরিস্থিতিতে কিরণের পাশে দাঁড়ান দেবচন্দ্রিমা। বন্ধুত্ব, ভরসা, সাহচর্য—সব মিলিয়ে যেন নতুন আশ্রয় পান কিরণ।

শুধু মানসিক সমর্থনই নয়, কিরণের ব্যক্তিগত কিছু জিনিস, যা সায়ন্তর কাছে রয়ে গিয়েছিল, সেগুলিও ফিরিয়ে আনেন দেবচন্দ্রিমা। তারপর থেকেই তাদের বন্ধুত্ব প্রকাশ্যে আসে—একসঙ্গে ঘুরতে যাওয়া, রেস্তোরাঁ হপিং, সিকিম ট্রিপ—সব কিছু নেটপাড়ায় ভাইরাল। তবে বেশ কিছুদিন হল সেই বন্ধুত্বে থমকে গেছে গতি।

হঠাৎ করেই দেবচন্দ্রিমা কিরণকে আনফলো করেন ইনস্টাগ্রামে, একসঙ্গে করা ভিডিয়োগুলিও মুছে দেন ইউটিউব থেকে। টলিপাড়ার গুঞ্জন, কিরণের সঙ্গে নাকি আবারও যোগাযোগ শুরু হয়েছে প্রাক্তন সায়ন্তর। আর তাতেই নাকি ক্ষুব্ধ হয়েছেন দেবচন্দ্রিমা।

এই বিতর্কের মাঝেই কিরণের একটি ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে উস্কে দিল চর্চা। নিজের ফোটোশ্যুটের ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন— “ওরা বলেছে আমি নাকি কারও কাছে ফিরে গিয়েছি… হ্যাঁ, ওরা ঠিকই বলেছে। আমি ফিরেছি নিজের ‘সেলফ-ওয়ার্থ’-এর কাছে।”

নেটিজেনদের একাংশ কিরণের এই পোস্টকেই সায়ন্তর কাছে ফিরে যাওয়ার জল্পনার প্রতি জবাব হিসেবে দেখছেন। একজন কমেন্ট করেছেন, “দারুণ ক্যাপশন, একদম সঠিক বার্তা।” আরেকজন লেখেন, “ভুলটা আবার কোরো না।” তৃতীয় এক নেটাগরিকের মন্তব্য, “তোমার আর দেবচন্দ্রিমার কী হয়েছে জানি না, কিন্তু তোমরা যদি সব ঠিক করে নাও, আমরা খুব খুশি হব।” সত্যিই কি কিরণ ফিরছেন পুরনো সম্পর্কে, নাকি নিজের আত্মমর্যাদার কাছে? আর দেবচন্দ্রিমার প্রতিক্রিয়ার কারণই বা কী? আপাতত এই সম্পর্কের জট খুলতে চাইছে গোটা টলিপাড়া ও নেটদুনিয়া।