এক সময় টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মুখ ছিলেন মধুবনী গোস্বামী। ধারাবাহিকে তাঁর উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। কিন্তু অভিনেতা রাজা গোস্বামীকে বিয়ের পর অভিনয় থেকে একটু দূরেই সরে যান তিনি। ছেলে কেশবের জন্মের পর থেকে তো টিভির পর্দায় তাঁকে দেখা যায় আরও কম। যদিও একেবারে কাজ ছেড়ে দেননি মধুবনী— তিনি এখন ভ্লগিং করেন এবং নিজের সৌন্দর্যসচেতন ব্যবসাও চালাচ্ছেন।
তবে সম্প্রতি একটি ফেসবুক পোস্ট ঘিরে চর্চার কেন্দ্রে চলে এসেছেন তিনি। সেই পোস্টে মধুবনী লেখেন,
“মা হওয়া সত্যিই সহজ নয়… নিজের প্রমিসিং কেরিয়ারকে বুড়ো আঙুল দেখিয়ে সন্তান এবং সংসারের জন্য ত্যাগ স্বীকার করা মুখের কথা নয়। অনেকেই বলবেন, ‘তোমার আর্থিক সচ্ছলতা আছে, তাই পেরেছ।’ কিন্তু এই ধারণাটাই ভুল। আমি এমন অনেক মহিলাকে চিনি, যাঁদের টাকা ছিল, তবুও তাঁরা সংসার বা সন্তানকে এই ভাবে প্রাধান্য দিতে পারেননি। শুধু নিজের বা বর পয়সাওয়ালা হলেই হয় না, এমন সিদ্ধান্ত নিতে মানসিক শক্তিও লাগে।”
এই পোস্ট সমাজমাধ্যমে বেশ ভাইরাল হয়। অনেকেই তাঁর বক্তব্যে সহমত হলেও, অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন। কারও আপত্তি মধুবনীর বক্তব্যের ভাষা নিয়ে, কেউ আবার আর্থিক সচ্ছলতার প্রসঙ্গটিকে নিয়েই প্রশ্ন তুলেছেন। মধুবনীর এই পোস্ট নিয়ে বেশ কয়েকদিন ধরেই সমালোচনার ঝড় বইছে।
এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে মধুবনী স্পষ্ট করে বলেন,
“আমি এই পোস্টটি করেছি আমার নিজের জীবনের প্রেক্ষাপটে। কাউকে অনুসরণ করতে বলিনি, বা কাউকে কোনও দিশা দেখানোর চেষ্টা করিনি। আমি তো কারও জীবনের নীতিপুলিশ নই।’’
তাঁর মতে, ক্যামেরার সামনে না থাকলেই যে কাজ নেই— তা ঠিক নয়। মধুবনী বলেন, “আমি কী কাজ করছি, কীভাবে ব্যস্ত আছি, সেটা আমি কাউকে বোঝাতে যাব কেন? আমাকে নিয়ে আলোচনা হচ্ছে মানেই, আমার গুরুত্ব আছে— এটাই যথেষ্ট।”
আরও পড়ুনঃ ‘ছবির ক্ষেত্রে কেন ডাক পাইনি জানি না, আমি কখনো কারোর কাছে কাজ চাইতে পারি না!’ সাক্ষাৎকারে খোলাখুলি রূপাঞ্জনা
তবে তিনি জানিয়ে দিয়েছেন, এ সব সমালোচনায় আর কান দেন না তিনি।
“যাঁরা সমালোচনা করছেন, তাঁরা খুব বেশিদিন পারবেন না। এক সময় নিজেরাই ক্লান্ত হয়ে থেমে যাবেন,” — আত্মবিশ্বাসের সুরেই জানিয়ে দিলেন মধুবনী।





