জেলে থেকেই বিয়ে, অবশেষে জামিনে মুক্তি পেলেন নোবেল! ধর্ষণ মামলায় মিলল স্বস্তি

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর জেলেই অভিযোগকারিণী তরুণীকে বিয়ে করলেন সারেগামাপা খ্যাত বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। আর সেই বিয়ের জেরেই অবশেষে মিলল জামিন। প্রায় এক মাসেরও বেশি সময় কারাবন্দি থাকার পর মঙ্গলবার জামিন পেলেন বিতর্কিত এই শিল্পী।

দুই বাংলার দর্শকদের কাছে ‘সারেগামাপা’ রিয়্যালিটি শোয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন নোবেল। কিন্তু খ্যাতির পাশাপাশি নানা বিতর্কও ঘিরে ধরেছে তাঁকে। একাধিকবার তাঁর বিরুদ্ধে উঠেছে গার্হস্থ্য হিংসা, অপহরণ এবং যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ।

সম্প্রতি এক কলেজ পড়ুয়া তরুণী অভিযোগ করেন, নোবেল তাঁকে বিয়ের প্রস্তাব দেন এবং দেখা করার অজুহাতে নিজের বাড়িতে ডাকেন। এরপর সেখানে আটকে রেখে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান বলেও অভিযোগ করেন তরুণী। এমনকি সেই নির্যাতনের ছবি ও ভিডিও তুলে তাঁকে ভয় দেখাতেন বলেও দাবি। এসব অভিযোগের ভিত্তিতেই ১৯ মে ঢাকার ডেমরা থানার পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর নোবেল দাবি করেন, অভিযোগকারিণী তরুণীই তাঁর স্ত্রী। কিন্তু কোনও বৈধ প্রমাণ দিতে না পারায় সেই দাবি মানা হয়নি আদালতে। এরপর ১৮ জুন আদালতের নির্দেশে জেলেই ওই তরুণীকে বিয়ে করেন তিনি।

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নোবেলের আইনজীবী মহম্মদ খলিলুর রহমান তাঁর জামিনের আবেদন করেন। আদালত জামিনের শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন। শুনানিতে নির্যাতিতা তরুণীর তরফে কোনও আপত্তি না আসায়, বিচারক নোবেলকে জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, অভিযোগকারিণী তরুণীর সঙ্গে নোবেলের পরিচয় হয় ২০১৮ সালে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ২০২৩ সালে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যার জেরে তরুণীকে নিজের বাড়িতে ডেকেছিলেন গায়ক। সেই সম্পর্কই পরিণত হয় বিয়েতে—জেলেই।