‘নিমফুলের মধু’ ধারাবাহিকের শুটিং শেষ হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। এরপর কেটে গিয়েছে প্রায় চারটি মাস। দর্শকরা ছোট পর্দায় আর দেখেননি জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মাকে। তাহলে এই সময়টায় কী করছেন তিনি?
‘কে আপন কে পর’ ধারাবাহিকে লম্বা সময় ধরে অভিনয় করে নজর কেড়েছিলেন পল্লবী। এরপর ‘নিমফুলের মধু’-তেও তাঁর অভিনয় দর্শকের মন জয় করে নেয়। তবে ধারাবাহিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন কাজে হাত দিতে চান না তিনি। বরং নিজের জন্য সময় রাখতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে পল্লবী বলেন, “কাজ শুরু হয়ে গেলে আর ছুটি নেওয়া সম্ভব হয় না। তাই এখন কিছু দিন নিজেকে সময় দিচ্ছি।” ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছেন পল্লবী। হাওড়ায় দাদা-বৌদির পরিবার, আর কলকাতায় একাই থাকেন তিনি। ছোটবেলায় দীর্ঘ দিন পিসির কাছেই ছিলেন। এখন নিজের সঙ্গকেই সবচেয়ে বেশি উপভোগ করেন।
ভ্রমণ পছন্দ পল্লবীর। তবে চলতি বছর দেশে নানা অস্থিরতার কারণে তেমনভাবে কোথাও ঘুরতে যাননি। যদিও সম্প্রতি নেপাল ঘুরে এসেছেন তিনি। আবার কিছুদিনের জন্য হাওড়ায় দাদার বাড়িতেও ছিলেন, ভাইপো-ভাইঝিদের গরমের ছুটিতে সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে।
আরও পড়ুনঃ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক: বড় আপডেট, মুক্তি পাচ্ছে ২০২৬-এ!
ধারাবাহিক শেষ হওয়ার পর একাধিক কাজের প্রস্তাব এলেও আপাতত নিজেকে বিশ্রাম দিতেই আগ্রহী তিনি। মানসিক চাপ ও দীর্ঘ শুটিংয়ের ক্লান্তি কাটাতে এই বিরতি তাঁর কাছে খুবই প্রয়োজনীয় বলে মনে করছেন পল্লবী। “যখন কাজ শুরু করি, তখন মাঝপথে ছুটি নিতে পারি না। তাই এখন নিজের মতো করে সময় কাটাচ্ছি,” জানিয়েছেন তিনি। তবে পল্লবীর অনুরাগীদের জন্য সুখবর— এই বিরতি খুব বেশি দিন স্থায়ী হবে না। কারণ, অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই আবার ফিরবেন ছোট পর্দায়।





