‘তুমি পারবে না’ শুনেই এগিয়েছেন রাহুল! আবেগঘন পোস্টে জীবনের লড়াই তুলে ধরলেন অভিনেতা!

টলিউডের পরিচিত মুখ রাহুল দেব বোস আবারও আলোচনায়। ছোটপর্দা থেকে অভিনয় জীবন শুরু করলেও ধীরে ধীরে ওটিটি এবং বড়পর্দাতেও নিজের জায়গা তৈরি করেছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রির গণ্ডি ছাড়িয়ে এখন বলিউডেও কাজ করছেন অভিনেতা। এমনকি আগামী দিনে তাঁকে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়-এর বায়োপিকেও।

এরই মাঝে রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন রাহুল দেব বোস। কয়েকটি ছবি শেয়ার করে তিনি জানান, জীবনের নানা সময়ে তাঁকে শুনতে হয়েছে তিনি নাকি কোনও কিছুর জন্যই যথেষ্ট ভালো নন। পড়াশোনা থেকে শুরু করে সামাজিক মেলামেশা, এমনকি অভিনয় নিয়েও বহুবার প্রশ্ন উঠেছিল তাঁর দক্ষতা নিয়ে।

অভিনেতার কথায়, অনেকেই মনে করতেন তিনি দীর্ঘদিন অভিনয় জগতে টিকে থাকতে পারবেন না। কেউ বলেছিলেন তিনি শুধু টেলিভিশনেই সীমাবদ্ধ থাকবেন, আবার কেউ মনে করেছিলেন বাংলা ইন্ডাস্ট্রির বাইরে তাঁর সুযোগ মিলবে না। তবে এত সমালোচনা এবং সন্দেহের মাঝেও নিজের কাজ চালিয়ে গিয়েছেন তিনি।

পোস্টে রাহুল দেব বোস আরও লেখেন, যেসব জায়গায় পৌঁছনোর কথা একসময় ভাবতেই পারেননি, আজ সেখানে তিনি নিজের পরিচয় তৈরি করেছেন। আগামী বছর অভিনয় জীবনের এক দশক পূর্ণ হবে তাঁর। এই দীর্ঘ পথচলায় তিনি এমন অনেক চরিত্রে অভিনয় করেছেন, যেগুলো একসময় শুধু স্বপ্ন ছিল।

নিজের অভিজ্ঞতা থেকে অভিনেতা বুঝেছেন, অন্যের কথায় নিজের সীমা ঠিক করা উচিত নয়। তাঁর মতে, জেদ আর ধৈর্যই তাঁকে বারবার এগিয়ে যেতে সাহায্য করেছে। তিনি জানান, এই লড়াই কোনও অহংকার বা প্রতিশোধের জন্য নয়, বরং নিজের উপর বিশ্বাস রাখার জন্য। আর সেই বিশ্বাসই তাঁকে আজও নতুন দরজার সামনে পৌঁছে দিচ্ছে।