২০১৯ সালের ১৯ নভেম্বর প্রয়াত হন গুণী অভিনেত্রী রিতা কোঠারি। দীর্ঘদিন ধরে লিভারে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। মৃত্যুর কয়েক বছর আগেই, এক জনপ্রিয় টক শোতে এসে তিনি এক চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন বলিউড অভিনেতা অনুপম খেরের বিরুদ্ধে। অভিযোগটি শুধু গুরুতরই নয়, এর সঙ্গে সরাসরি জড়িয়ে ছিল বিশিষ্ট পরিচালক ঋতুপর্ণ ঘোষের ছবি ‘বাড়িওয়ালি’।
রিতার অভিযোগ, সেই ছবিতে কিরণ খেরের চরিত্রের জন্য ডাবিং করেছিলেন তিনি নিজেই। কিন্তু সেই তথ্য যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য তাঁকে রীতিমতো শাসিয়েছিলেন অনুপম খের। রিতার কথায়, অনুপম তাঁকে ফোন করে হুমকি দিয়েছিলেন— “তুমি ‘বাড়িওয়ালি’র জন্য যে টাকা পেয়েছ, সেটা সামান্য। তোমার জন্য আরও টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু কিরণের ডাবিং তুমি করেছ, এটা কেউ জানতে পারবে না। যদি সত্যি কথা বলো, তাহলে তোমার কেরিয়ার শেষ করে দেব। মুম্বইয়ে ঢুকতে দেব না, এমনকি কলকাতাতেও কাজ পাবে না।”
রিতা জানিয়েছেন, প্রথমে তিনি বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু পরে যখন জানতে পারেন, একজন ডাবিং আর্টিস্ট হিসেবেও জাতীয় পুরস্কার পাওয়া সম্ভব, তখন সত্যিটা সামনে আনেন। তখনই আসে অনুপমের সেই ফোন, যার কথা বহুদিন বুকে চেপে রেখেছিলেন তিনি।
এই অভিযোগ ঘিরে প্রশ্ন উঠেছে— কেন এমনটা করেছিলেন অনুপম খের? রিতার দাবি, ‘বাড়িওয়ালি’ ছবিতে কিরণ খেরের অভিনয়ই যদি পুরস্কার পায়, আর তা যদি হয় অন্য কারও কণ্ঠে, তাহলে সেই সম্মান পাওয়া প্রশ্নের মুখে পড়ে। তাই নিজের স্ত্রীর জাতীয় পুরস্কার নিশ্চিত করতেই এই চাল চেলেছিলেন অনুপম।
আরও পড়ুনঃ বন্দুক হাতে রিমঝিম মিত্র! বড় কিছু ঘটতে চলেছে? ভাইরাল ভিডিও ঘিরে চরম জল্পনা…
পরবর্তীতে, পরিচালক ঋতুপর্ণ ঘোষ নিজেও এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছিলেন বিভিন্ন জায়গায়। কিন্তু রিতার মনে যে যন্ত্রণা থেকে গিয়েছিল, তা তিনি শেয়ার করেছিলেন মৃত্যুর কিছু বছর আগে— বলিউডের চকচকে মুখোশের আড়ালে থাকা এক নির্মম বাস্তবকে তুলে ধরে।





