রুদ্রনীল ঘোষের অভিমানী স্বীকারোক্তি: “ফর্সা অভিনেতারা পেতেন কাঁচের গ্লাস, আমার জন্য থাকত প্লাস্টিক কাপ!”

টলিউডের অন্যতম আলোচিত ও বিতর্কিত মুখ রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তিনি যেমন অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন, তেমনই নানা মন্তব্য এবং রাজনৈতিক অবস্থানের জন্য থেকেছেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে।

রুদ্রনীলের জীবন মানেই চড়াই-উতরাইয়ে ভরা এক সফর। রাজনীতির ময়দানে একাধিকবার রং বদলানো নিয়ে তিনি পড়েছেন নেটিজেনদের কটাক্ষের মুখে, কিন্তু তবুও তাঁর অভিনয় প্রতিভা নিয়ে কখনও কোনও প্রশ্ন ওঠেনি। যেই চরিত্রেই অভিনয় করেছেন, দর্শকের মন ছুঁয়ে গেছেন নিঃসন্দেহে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুদ্রনীল নিজের অভিনয় জীবনের প্রথম দিকের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি জানান, তখন তিনি সদ্য ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। গায়ের রং ছিল ময়লা, চেহারাও ছিল ছিপছিপে। তখনই উপলব্ধি করেন, গায়ের রঙের ভিত্তিতে মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি কতটা আলাদা হতে পারে। তিনি বলেন, “সেই সময় ফর্সা অভিনেতাদের কাঁচের গ্লাসে চা দেওয়া হতো। আর আমার মতো কালো অভিনেতার হাতে ধরিয়ে দেওয়া হতো সাদা প্লাস্টিকের কাপ।”

এই বৈষম্যের অভিজ্ঞতা তাঁকে ব্যথিত করেছিল, কিন্তু থামিয়ে রাখতে পারেনি। ‘এক নম্বর মেসবাড়ি’ ধারাবাহিকের হাত ধরে তিনি পেয়েছিলেন প্রথম পরিচিতি। সেখান থেকেই শুরু হয় রুদ্রনীলের উত্থান। একের পর এক সিনেমা ও ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় রুদ্রনীল। যদিও তাঁর দলবদলের ইতিহাস নিয়ে নানা সময়ে বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু সেই সমস্ত কটাক্ষকে তিনি কখনওই খুব একটা গুরুত্ব দেননি। আজ তিনি প্রতিষ্ঠিত একজন অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু নিজের শুরুদিনের সেই অবহেলা আজও ভুলতে পারেননি রুদ্রনীল।