জন্মদিনে মায়াপুর ইসকনে কেক কেটে উদযাপন রুক্মিণীর, আবেগে ভাসলেন অভিনেত্রী!

২৭ জুন, শুক্রবার ছিল অভিনেত্রী রুক্মিণী মৈত্রর জন্মদিন। সাধারণত জন্মদিন মানেই হইচই, পার্টি, প্রিয়জনদের সঙ্গে আনন্দে কাটানো মুহূর্ত—তবে এবারের দিনটি ছিল অভিনেত্রীর কাছে আরও বেশি বিশেষ। কারণ, জন্মদিনের দিনই ছিল রথযাত্রা। আর রথযাত্রা মানেই রুক্মিণীর জন্য মায়াপুর ইসকনের রথের টান।

এবছরও সেই ধারাবাহিকতায় নিজের জন্মদিনের দিন মায়াপুর ইসকন মন্দিরে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে রথযাত্রা উদযাপন করার পাশাপাশি ভগবানের আশীর্বাদ নিয়েছেন এবং মন্দির প্রাঙ্গণেই কেক কেটে জন্মদিন পালন করেছেন অভিনেত্রী।

মঙ্গলবার তিনি নিজের এই বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। প্রথম ছবিতেই তাঁকে দেখা যায় আরতির থালা হাতে প্রণাম করতে। গোলাপি, হলুদ আর বেগুনি রঙের চুড়িদার, কানে ঝোলা দুল, হালকা মেকআপ ও গলায় গোরের মালায় ভক্তিময় রূপে ধরা দিয়েছেন রুক্মিণী। এক ভিডিয়োয় তাঁকে দেখা যায় ইসকনের মন্দিরে কেক কাটছেন, আর উপস্থিত সকলে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।

শুধু মন্দির নয়, বাড়ির জন্মদিনের উদযাপনও ছিল চোখে পড়ার মতো। প্রেমিক দেবের সঙ্গে এবং পরিবারের সকলকে পাশে নিয়ে কেক কাটতে দেখা যায় রুক্মিণীকে। কালো রঙের গাউন ও পোলকা ডট ডিজাইনের পোশাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবিগুলোতেও নজর কাড়েন নায়িকা।

এই সব ছবির সঙ্গে রুক্মিণী লেখেন, “এই জন্মদিনটা সম্ভবত আমার জীবনের অন্যতম স্মরণীয় জন্মদিন ছিল। জন্মদিনের সকালটা শুরু হয়েছিল ইসকন মায়াপুরে পবিত্র রথযাত্রায় যোগ দিয়ে। রাধা-কৃষ্ণের উপস্থিতিতে আশীর্বাদ নিয়ে জন্মদিন শুরু করা যেন আমার শৈশবকে ফিরে পাওয়ার মতো ছিল। এরপর আমার সবচেয়ে কাছের মানুষদের সঙ্গে উদযাপন করে দিনটা আরও স্মরণীয় হয়ে উঠল।”

আরও পড়ুনঃ চূড়ান্ত সিদ্ধান্তে সুস্মিতা-সব্যসাচী: ভাঙল টেলিপাড়ার জনপ্রিয় জুটি, বিচ্ছেদের পথে হাঁটলেন পরস্পরের সম্মতিতে!

তিনি আরও যোগ করেন, “আমার সমস্ত অনুরাগী, বন্ধু এবং পরিবারের সবাই যে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। বরাবরের মতোই, এই ভালোবাসা আমার সবচেয়ে বড় আশীর্বাদ। আমাকে এই ভাবেই ভালোবেসে পাশে থাকুন ও আমার জন্য প্রার্থনা করুন।” চমৎকার এই জন্মদিন উদযাপনের ঝলকেই ধরা দিল রুক্মিণীর নিখাদ আবেগ আর বিশ্বাসের ছোঁয়া।