সপ্তাহটা ভালোই ধাক্কা দিয়ে শুরু করল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকার জন্য! বেআইনি অনলাইন বেটিং অ্যাপের প্রচার করার অভিযোগে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে এসেছেন চার জনপ্রিয় দক্ষিণী অভিনেতা—বিজয় দেবেরাকোন্ডা, রানা দগ্গুবতী, প্রকাশ রাজ এবং মাঞ্চু লক্ষ্মী।
ইতিমধ্যেই চার তারকাকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে ইডি। ঠিক কী দিন কার হাজিরা?
- ২৩ জুলাই: রানা দগ্গুবতী
- ৩০ জুলাই: প্রকাশ রাজ
- ৬ অগস্ট: বিজয় দেবেরাকোন্ডা
- ১৩ অগস্ট: মাঞ্চু লক্ষ্মী
সূত্র বলছে, শুধু এই চারজনই নয়, আরও বহু তারকার উপর নজর রয়েছে তদন্তকারীদের। নিধি আগরওয়াল, প্রণীতা, শ্রীমুখী এবং শ্যামলার নামও উঠে আসছে ইডির খাতায়।
ইডির অভিযোগ, এই সমস্ত তারকারা এমন একাধিক অনলাইন বেটিং এবং গেমিং অ্যাপের প্রচার করেছেন, যেগুলো বেআইনি। এই মামলায় ইতিমধ্যেই মোট ২৯ জন অভিনেতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ‘ইসিআইআর’ (Enforcement Case Information Report) দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতা মেট্রোয় চুম্বন বিতর্ক, আর তার মাঝেই ট্রেনে ঘনিষ্ঠ সোনাক্ষী-জ়াহির! কী বলছে নীতি পুলিশ?
এই ইসিআইআর তৈরি হয়েছে তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায়—পাঞ্জাগুট্টা, মিয়াপুর, বিশাখাপত্তনম, সূর্যপেট এবং সাইবারাবাদ—দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে।
সোজা কথায়, বিনোদনের দুনিয়ার নামজাদা মুখদের ঘিরে শুরু হয়েছে বড়সড় তদন্ত। এখন দেখার, এই সমনের জবাবে কে কী বলেন, আর তদন্ত কোন দিকে মোড় নেয়!





