মুম্বাইয়ে পা রাখলেন তৃণা সাহা! তবে কি এবার পরশুরাম ছেড়ে বলিউডের হাতছানি? কী বললেন নায়িকা?

তৃণা সাহা এবার পা রাখলেন মুম্বই শহরে, আর তা নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন—তাহলে কি তিনি বলিউডে পা রাখছেন? অদ্রিজা রায়, দেবচন্দ্রিমা সিংহ রায়, দর্শনা বণিকের মতো অনেকেই ইতিমধ্যেই মুম্বইয়ের পথে হেঁটেছেন। এবার সেই তালিকায় যোগ হল তৃণার নামও।

শনিবার টলিউড অনলাইনের শেয়ার করা এক ভিডিওতে দেখা গেল, কলকাতা বিমানবন্দরে গাড়ি থেকে নামছেন তিনি। পরনে ডেনিম জ্যাকেট (তাতে লেখা তাঁর নিজের নাম), ডেনিম শর্ট স্কার্ট, গোলাপি টপ, চোখে কালো ফ্রেমের চশমা আর কানে দুল। প্রায় নো মেকআপ লুকেই ধরা দিলেন নায়িকা। জানা গেল, সোজা মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

কিন্তু কেন হঠাৎ এই সফর? নতুন হিন্দি ছবি নাকি ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ পেয়েছেন? আসলে, দুটোই নয়। তৃণা নিজেই জানিয়েছেন, একটি ব্র্যান্ড প্রোমোশনের কাজের জন্য যাচ্ছেন তিনি। তাঁর কথায়, “সবাই বম্বে যাওয়ার জন্য যতটা উত্তেজিত হয়, আমি তার চেয়ে বেশি উত্তেজিত আমার ব্র্যান্ডের কাজের জন্য।”

উল্লেখ্য, কিছুদিন আগেই তাঁর স্বামী নীল ভট্টাচার্যও কাজের সূত্রে মুম্বই গিয়েছিলেন। তৃণাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’-এ ইন্দ্রজিৎ বসুর বিপরীতে। দর্শক প্রথম তাঁকে নায়িকার ভূমিকায় দেখেছিল ‘খোকাবাবু’ ধারাবাহিকে। এরপর ‘খড়কুটো’, ‘ধূলোকণা’সহ একাধিক জনপ্রিয় মেগাতে অভিনয় করেছেন তিনি, পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন।

সম্প্রতি ‘পরশুরাম আজকের নায়ক’ ১০০ পর্বের মাইলস্টোন ছুঁয়েছে। ১০ মার্চ শুরু হওয়া এই ধারাবাহিক অল্প সময়েই দর্শকদের মন জয় করেছে, তার আন্ডারগ্রাউন্ড স্পাই থ্রিলারের গল্পে একের পর এক টুইস্টের জন্য। ফ্লোরে হয়েছিল গ্র্যান্ড সেলিব্রেশনও। আর ঠিক এই ব্যস্ততার মাঝেই তৃণার মুম্বই সফর নিয়ে জমেছে জল্পনা।