টলিপাড়ায় এখন খুশির ঢেউ। অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী নতুন জীবনে পা রাখলেন। লাস ভেগাসের স্বপ্নময় আলো-ঝলমলে আবহে আইটি প্রফেশনাল এবং আটলান্টা-বেসড টেকনোলজিস্ট সুজিত বসুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। শহরে নয়, দূর আমেরিকায় এলাহি অনুষ্ঠানের মধ্যেই জীবনের সবচেয়ে বিশেষ দিনটি কাটালেন নায়িকা। হিরের আংটি দিয়ে প্রেমের প্রস্তাব থেকে হঠাৎ বিয়ের পরিকল্পনা—সব মিলিয়ে যেন সিনেমার মতোই রোম্যান্টিক গল্প।
কীভাবে আলাপ এবং কোথা থেকে শুরু প্রেম? TV9 বাংলাকে তনুশ্রী জানালেন, একজন বন্ধুর সূত্রে আলাপ হয় দু’জনের। এরপর ইউএসএ-তে প্রথম দেখা। দেখা থেকে ভালোলাগা, আর সেখান থেকেই শুরু হয় পাঁচ মাসের প্রেম। যদিও এত দ্রুত বিয়ে হবে, সেটা নায়িকা নিজেও ভাবেননি। দেশে ফিরে পরিবারকে জানিয়েই বিয়ে করার পরিকল্পনা ছিল দু’জনের। কিন্তু প্রেমিকের সঙ্গে ছুটি কাটাতে লাস ভেগাসে পৌঁছে বুঝলেন, ইতিমধ্যেই সব আয়োজন সেরে রাখা হয়েছে।
অনুষ্ঠানের দিন ভিডিও কলে বাবা-মাকে রেখেই সাতপাকে হাঁটেন তনুশ্রী। নিজের বিয়ের আয়োজন দেখে তিনি যেমন অবাক হয়েছেন, তেমনই আবেগেও ভেসেছেন। তাঁর কথায়, অল্প সময়ের পরিচয় হলেও দু’জনেই একে অপরকে খুব কাছ থেকে চিনেছেন। কাজের প্রতি নায়িকার নিষ্ঠা এবং পেশার প্রতি সম্মান করাই সুজিতের সবচেয়ে বড় গুণ বলে জানান তিনি।
সুজিতের জন্ম কলকাতায় হলেও প্রায় ২৮ বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। বিয়ের পরে তনুশ্রী জানান, দেশে এবং বিদেশে দু’জায়গাতেই সময় ভাগ করে থাকবেন তিনি। অভিনয় ছাড়ার কোনো প্রশ্নই নেই—ক্যারিয়ার সামলিয়েই চলবে নতুন সংসার। বরের জন্য ইতিমধ্যেই ফ্লোরিডায় একটি বিশেষ ট্রিপ প্ল্যান করছেন নায়িকা।
আরও পড়ুনঃ বিগ বসে গিয়ে অতীত প্রেমের খোলাসা! সম্পর্ক নিয়ে নির্ভীক কুনিকা!
তনুশ্রীর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরে গেছে তাঁর ইনবক্স। টলিপাড়ার কাছের মানুষরাও আনন্দে মেতে উঠে শুভেচ্ছা জানাচ্ছেন। শহরে রিসেপশন কবে হবে—এখন সেই নিয়েই আগ্রহ সবার। তবে এতটুকু পরিষ্কার, তনুশ্রী এই মুহূর্তে দারুণ সময় কাটাচ্ছেন এবং নতুন জীবনের আনন্দে ভাসছেন।





